২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে রাজীবের গায়েবানা জানাজা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ব্লগার আহমেদ রাজীব হায়দারেরর গায়েবানা জানাজা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নিউইয়র্ক প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 12:23 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

নিউইয়র্কে শনিবার বাদ মাগরিব (বাংলাদেশ সময় রোববার সকাল) ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড চত্বরে এ জানাজা হয়।

যুক্তরাষ্ট্র আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকীর ইমামতিতে কয়েকশ মানুষ এ জানাজায় অংশ নেন।

জানাযা শেষে মানববন্ধন করে প্রবাসী বাংলাদেশিরা। সেখানে উচ্চারিত হয় শাহবাগের গণজাগরণ মঞ্চের বিভিন্ন স্লোগান।

মানববন্ধনে শপথবাক্য পাঠ করা হয়। এতে বলা হয়, “রাজীব হচ্ছেন আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। রাজীবকে যারা হত্যা করেছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, ওরা বাংলাদেশের শত্রু। এ শত্রুদের নির্মূল না করা পর্যন্ত শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনের প্রতি আন্তর্জাতিক জনমত সুদৃঢ় রাখতে এবং একাত্তরের চেতনায় সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ করতে নিজ নিজ অবস্থান থেকে আমরা সোচ্চার থাকবো।”

এ সময় অনেকের হাতে ছিল পোস্টার ও প্ল্যাকার্ড। মাথায় ছিল ‘রাজাকারের ফাঁসি চাই’ লেখা ব্যান্ডানা।

একই সময়ে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে শাহবাগের প্রজন্ম চত্বরের সমর্থনে আরেকটি মানববন্ধন হয়। সেখান থেকে রাজাকারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া এবং জামায়াত-শিবিরের সঙ্গে সামাজিক-ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শুক্রবার রাতে মিরপুরের পল্লবীতে নিজ বাসার সামনে খুন হন ব্লগার আহমেদ রাজীব হায়দার। তিনি শাহবাগের গণজাগরন আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। এছাড়া ‘থাবা বাবা’ নামে ব্লগ লিখতেন রাজীব।

শাহবাগের গণজাগরণ মঞ্চে লাখ লাখ জনতার অংশ গ্রহনে শনিবার বিকালে রাজীবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রোববার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায় আরো দুই দফা জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হবে।

নিউইয়র্কে এ জানজা ও মানববন্ধনে অংশ নেয় প্রজন্ম একাত্তরের যুক্তরাষ্ট্র শাখা, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা যুবকমান্ডের যুক্তরাষ্ট্র শাখা, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, ম্যানহাটান বরো আওয়ামী লীগ, কুইন্স বরো আওয়ামী লীগ, ব্রুকলিন বরো আওয়ামী লীগ, চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিট আওয়ামী লীগ, যুব নাগরিক কমিটি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি প্রভৃতি সংগঠনের নেতাকর্মীরা।

যুদ্ধাপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি জামায়াত ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় প্রত্যাখান করে ফাঁসির দাবিতে ওইদিনই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টরা। ধীরে ধীরে তা গণজাগরণে পরিণত হয়। টানা ১৩ দিন ধরে সারা দেশে চলছে এ আন্দোলন।

শাহবাগের এ আন্দোলন দেশের সীমা ছাড়িয়ে গেছে। বিশ্বে বিভিন্ন স্থানে থাকা প্রবসী বাংলাদেশিরাও এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করছে পালন করছে নানা কর্মসূচি।