হল-মার্ক চেয়ারম্যানের জামিন বাতিল
মঞ্জুর করার ১০ দিন পর হল-মার্ক চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল করেছে আদালত।
রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক জামিন বাতিলের এই আদেশ দেন।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি এ বিচারকই জেসমিন ইসলামকে জামিন দিয়েছিলেন। কিন্তু এ কারণে তাকে তলব করে হাই কোর্ট।
সোমবার সকালে তার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও পরে হাই কোর্ট সেই আদেশ প্রত্যাহার করে।
জামিন বাতিলের আবেদনে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, সোনালী ব্যাংক থেকে আত্মসাৎ করা টাকা নিয়ে জেসমিন পালিয়ে যেতে পারেন। তাই তার জামিন বাতিল করা হোক।
শুনানি শেষে জামিন বাতিলের আদেশ দেন বিচারক।
এর আগে সোনালী ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধের অঙ্গীকারের শর্তে ৭ ফেব্রুয়ারি জেসমিন ইসলামকে এগারো মামলায় জামিন দিয়েছিলেন তিনি।
ওই আদেশে বলা হয়েছিল- সোনালী ব্যাংকের ঋণ দিতে সম্মত হওয়ায় এবং ছেলের এসএসসি পরীক্ষার কথা বিবেচনা নিয়ে আসামিকে ৫০ হাজার টাকার মুচলেকায় দেড় মাসের জামিন দেয়া হলো।
কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৪ অক্টোবর জেসমিন, তার স্বামী হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে।
এরপর গত বছরের ৭ নভেম্বর মানিকগঞ্জ থেকে জেসমিনকে গ্রেপ্তার করে র্যাব। তার আগে গ্রেপ্তার হন তার স্বামী তানভীর ও ভাই হল-মার্কের মহা ব্যবস্থাপক তুষার আহমেদ।
দুদক কর্মকর্তারা জেসমিনকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেন।
