জাবি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত
উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে তিন দিনের কর্মবিরতি শনিবার শেষ হলেও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
দুপুরে উপাচার্যের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাচার্য কিছু সমঝোতার কথা আমাদের বলেছেন। তবে সমিতির সাধারণ সভায় বিষয়গুলো পর্যালোচনার আগ পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
এ সপ্তাহের বুধ-বৃহস্পতিবার শিক্ষক সমিতির সধারণ সভা অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
কর্মবিরতির তৃতীয় দিনে জীববিজ্ঞান, কলা ও মানবিকী এবং সমাজ বিজ্ঞান, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের কোনো বিভাগে ক্লাস ও অনুশীলনী পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষক সমিতির সিদ্ধান্তের কারণে আমাদের অনুষদে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।
গত মঙ্গলবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হলে মওলানা ভাসানী হলের শিক্ষার্থীরা উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের একাধিক স্থাপনায় ভাংচুর চালায়।
উপাচার্য আনোয়ার হোসেন দাবি করেন, ছাত্রশিবিরের কর্মীরা ‘আল্লা আকবার’ ধ্বনি দিয়ে এ ভাংচুরে নেতৃত্ব দেয়।
পরদিন সাধারণ সভার পর সাক্ষাৎ করে শিক্ষক সমিতির একটি প্রতিনিধিদল উপাচার্যকে ‘নৈতিক অবস্থান হারানোর’ কথা বলে পদত্যাগের আহবান জানান।
তাৎক্ষণিকভাবে উপাচার্য পদত্যাগের সিদ্ধান্ত নিলে প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। রাতে উপাচার্য সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন।
