ছাত্রদল নেতা ‘নিহতের’ ঘটনায় বিএনপির নিন্দা
কক্সাবাজারসহ সারাদেশে পুলিশের গুলিতে বিরোধী দলের নেতা-কর্মীদের ‘হতাহতের’ ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানায় দলটি।
শনিবার এক বিবৃতিতে এ নিন্দা জানিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “শুক্রবার বিনা উস্কানিতে পুলিশ কক্সবাজার জেলা ছাত্রদল নেতা তোফায়েল আহম্মেদকে গুলি করে হত্যা করেছে। সেখানে পুলিশি নৃশংসতায় বর্তমান সরকারের ফ্যাসিবাদী চরিত্রেরই নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে।’’
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিবৃতিতে অভিযোগ করা হয়, “বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে বর্তমান ফ্যাসিষ্ট শাসকগোষ্ঠী এতটাই বেপরোয়া যে, বিরোধী দলের নেতা-কর্মীদের পৈশাচিকভাবে হত্যা করতে কোন দ্বিধা করছে না।”
নিহত ছাত্রদল নেতা তোফায়েলের আত্মার মাগফেরাতও কামনা করেন ভারপ্রাপ্ত মহাসচিব।
