রাজীব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপির
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের ‘প্রজন্ম চত্বরে’ গণআন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বিএনপি।
শনিবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ দাবি জানান।
মিরপুরের পলাশ নগরের নিজ বাসার সামনেই শুক্রবার রাতে খুন হন শাহবাগ আন্দোলনের কর্মী রাজীব। জামায়াত-শিবির তাকে হত্যা করেছে বলে তার সহযোদ্ধা ও স্বজনরা জানিয়েছেন।
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিবৃতিতে রাজীব হত্যাকান্ডের নিন্দা জানিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ব্লগার রাজীব হত্যাকান্ড সুষ্পষ্টভাবে প্রমাণ করে, দেশে এখন চরম নৈরাজ্য বিরাজ করছে।
“আইনশৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে, তাতে কেবল বিরোধী দলের নেতা-কর্মীরাই নয়, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তাও আজ চরম হুমকির সম্মুখীন।’’
বাংলাদেশে নিরাপদ জীবন-যাপনের ‘ন্যূনতম গ্যারান্টি’ শাসকগোষ্ঠী দিতে ‘ব্যর্থ’ হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
মির্জা ফখরুল অভিযোগ করেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ‘দলীয় স্বার্থে’ ব্যবহার করা এবং ‘বেআইনি’ অস্ত্র দিয়ে যুবলীগ-ছাত্রলীগকে ‘পোষণ’ করার কারণেই মানুষের জীবনের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। গতরাতে [শুক্রবার] পল্লবীতে দুস্কৃতকারীরা আহমেদ রাজীব হায়দারকে নৃশংসভাবে হত্যা করেছে।
নিহত রাজীব হায়দারের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানান ভারপ্রাপ্ত মহাসচিব।
