জমেছে মেলা, উপন্যাসেই বেশি আগ্রহ
লেখক-প্রকাশক ও দর্শণার্থীদের পদচারণায় জমে উঠেছে বইমেলা। বিক্রিবাট্টা ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রকাশকরাও।
মেলার ১৬তম দিন শনিবার সকালে শিশুদের জন্য বাংলা একাডেমীর আয়োজনে হয় সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। তাই সারা দিন শিশুদের আনা গোনা একটু বেশিই চোখে পড়ে মেলা প্রাঙ্গণে। মেলা জুড়ে শিশুদের কলকাকলির সঙ্গে সঙ্গে বই কেনাও চলতে থাকে তাদের।
সন্ধ্যায় পুরো পাল্টে যায় বইমেলার চিত্র। মেলায় ছিল পাঠক আর দর্শনার্থীর উপচেপড়া ভিড়। তাদের সামলাতে হিমশিম খেতে দেখা যায় বিভিন্ন স্টলের বিক্রয় কর্মীদের। এদিন বিক্রিও হয় প্রচুর বই।
কবিতা, গল্প, প্রবন্ধ ও শিশুতোষ বইয়ের প্রতি ক্রেতাদের আগ্রহ দেখা গেলেও উপন্যাসই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বলে প্রকাশকরা জানিয়েছেন।
তবে প্রিয় উপন্যাসিক হুমায়ূন আহমেদের নতুন কোনো বই না পাওয়ায় মন খারাপের কথাও জানান অনেকে।
বাংলা একাডেমীর তথ্য অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলায় মোট এক হাজার ৭৩৬টি বই এসেছে। তার মধ্যে উপন্যাস ৩৪৬টি, আর কবিতার বই প্রকাশ হয়েছে ৪৩৩ টি।
উপন্যাসের প্রতিই ক্রেতাদের আগ্রহ বেশি জানিয়ে অ্যাডর্ন প্রকাশনীর জাকির হোসেন বলেন, “মেলায় উপন্যাসের বিক্রি বেশি। আমাদের স্টলেও উপন্যাস বেশি বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নতুনদের উপন্যাসও প্রচুর বিক্রি হচ্ছে।
ইত্যাদি প্রকাশনীর আদিত্য অন্তরও বললেন উপন্যাস বেশি বিক্রি হওয়ার কথা।
“আমাদের এখানে যেসব উপন্যাস এসেছে তার মধ্যে নতুনদের বই বেশ ভাল বিক্রি হয়েছে।”
আবু জাফর খানের ‘জোছনা বাসর’ ও ‘কুমারির অনন্ত বাসনা’ উপন্যাস দুটিই তাদের স্টল থেকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলে জানান তিনি।
অবশ্য চাহিদা অনুযায়ী ‘মানসম্পন্ন’ উপন্যাস আসছে না বলে মন্তব্য করেন অনেক পাঠক।
বইমেলায় কাকলী থেকে প্রকাশিত একটি উপন্যাস কেনেন সারজানা তেহজিব।
তিনি বলেন, “মেলায় এলে উপন্যাস বেশি কিনে থাকি। হুমায়ূন আহমেদের সব উপন্যাস আমার কাছে আছে। এখন কিনছি জাফর ইকবালের বই। তবে মেলায় উপন্যাস তেমন একটা পাওয়া যায় না। যাও পাওয়া যায় তার মধ্যে অধিকাংশই মানসম্পন্ন না।”
মেলায় উপন্যাস
গ্রন্থমেলায় এ পর্যন্ত যে সব উপন্যাস এসেছে সেগুলোর মধ্যে ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে সৈয়দ শামসুল হকের ‘কেরানিও দৌঁড়ে ছিল, রয়েল পাবলিশার্স থেকে ইমদাদুল হক মিলনের ‘রহস্যময়ী, অক্ষর প্রকাশনী থেকে সেলিনা হোসেনের ‘মর্গের নীল পাখি’, প্রতীক থেকে বরেন চক্রবর্তীর ‘দূরবর্তিন’, পার্ল পাবলিকেশন্স থেকে শামীমা শাহীনের ‘কেউ ভুলে পড়’, অন্যপ্রকাশ থেকে আনিসুল হকের ‘ভালোবাসি আশ্চর্য মেঘদল’, বাংলা প্রকাশ থেকে হুমায়ূন কবীর ঢালীর ‘তোমার চোখের জল’, অনিন্দ্য প্রকাশ থেকে আন্দালিব রাশদীর ‘ম্যাজিশিয়ান’, বাংলা প্রকাশ থেকে ধ্রুব এষের ‘বাম হাতে ছয় আঙুল’, জাগৃতি প্রকাশনী থেকে সেলিনা হোসেনের ‘চাঁদ বনে’, মঈনুল আহসান সাবেরের ‘আদমের জন্য অপেক্ষা’, শহীদুল্লাহ সিরাজের ‘রোদচশমা’, ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে আহমেদ সালাহউদ্দিনের ‘আড়াইশো গ্রাম ভালোবাস’, অনন্যা থেকে মকুল হোসেন পাইকের ‘রূপসা পাড়ের ছেলে’প্রভৃতি উল্লেখযোগ্য।
মোড়ক উন্মোচন
শনিবার মেলার নজরুল মঞ্চে মোট ২০টি বইয়ের মোড়ক উন্মোচন হয়। এর মধ্যে জয়তী থেকে প্রকাশিত আলীম হায়দারের রক ক্যাডেটের মোড়ক উন্মোচন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, বিদ্যাপ্রকাশ থেকে প্রকাশিত মাজহার সরকারের কবিতার বই ‘শূন্য সত্য একমাত্র’র মোড়ক উন্মোচন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, ঐহিত্য থেকে প্রকাশিত ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক আবু সাঈদ শিমুলের ‘শিশুর সুস্থতায় কী করবেন, কী করবেন না’ বইয়ের মোড়ক উন্মোচন করেন দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ খান।
এছাড়া মেহেরুন্নেসা রুমার ‘সম্পর্ক’ এবং শাশ্বত স্বপনের ‘ভাদ্র ভাসান’ বইয়েরও মোড়ক উন্মোচন করেন সাইদ খান। সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম উন্মোচন করেন পারিজাত প্রকাশনীর কর্নেল (অব.) মোহাম্মদ ওয়ালী উল্লার ‘ক্রীড়া উন্নয়ন বাস্তবতা ও সম্ভাবনা’ বইটি। অধ্যাপক রফিকুল ইসলাম উন্মোচন করেন ইছামতী থেকে প্রকাশিত আবু হোসেন বিজয়ের ‘কেন আমি এই আমি’ বইয়ের মোড়ক।
নতুন বই
বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের তথ্য অনুযায়ী, শনিবার মেলায় একশ’ ৫০টি নতুন বই এসেছে। এগুলোর মধ্যে গল্প ২৮টি, উপন্যাস ২০টি, প্রবন্ধ ১০টি, কবিতা ৪৫টি, গবেষণা তিনটি, ছড়া তিনটি, শিশুসাহিত্য ছয়টি, জীবনী তিনটি, মুক্তিযুদ্ধ বিষয়ক চারটি, বিজ্ঞানবিষয়ক একটি, ভ্রমণ কাহিনী দুইটি, ইতিহাস একটি, চিকিৎসা/স্বাস্থ্য তিনটি, রম্য/ধাঁধা চারটি, ধর্ম বিষয়কএকটি এবং অন্যান্য বিষয়ের ওপর ১৬টি নতুন বই প্রকাশিত হয়েছে।
নতুন প্রকাশিত এসব বইয়ের মধ্যে র্যামন থেকে এসেছে প্রকাশ বিশ্বাসের ‘মোহরানা ইতিবৃত্ত, রয়েল থেকে ইমদাদুল হক মিলনের ‘রহস্যময়ী’ ও নাসির আহমেদের ‘মাটি ও বৃষ্টির মতো’, অক্ষর থেকে আল মাহমুদের ‘কবিতা সংগ্রহ’ ও সেলিনা হোসেনের ‘নীল পাখি’, অন্যপ্রকাশ থেকে আনিসুল হকের ‘ভালোবাসি আশ্চর্য মেঘদল’, আগামী প্রকাশনী থেকে মুহম্মদ মুহিউদ্দিনের ‘যামিনীর যাপিত জীবন’, শব্দশৈলী থেকে তাসলিমা নাসরিনের ‘ভালোবাসা ছাই বাসো’, অনন্যা থেকে মৃত্তিকা গুনের ‘আমার আকাশে বৃষ্টি’ ও আবেদ খানের ‘জীবনের গল্প জীবনযুদ্ধের গল্প’, যুক্তপ্রকাশ থেকে রিজিয়া রহমানের ‘সবুজ পাহাড়’, অ্যার্ডন থেকে আফরোজা অদিতির ‘শূন্যতার ভেতর উত্থান’, অনুপম প্রকাশনী থেকে সৈয়দ মাহমুদুল হাসানের ‘বিলুপ্ত জাতি বিলুপ্ত জনপদ’ ইত্যাদি উল্লেখযোগ্য।
মূলমঞ্চের আয়োজন
সকালে শিশু-কিশোরদের সাধারন জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত নির্বাচন হয়। বিকেলে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘শহীদুল জহির: কোথায় পাব তারে’ শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন কথাশিল্পী প্রশান্ত মৃধা। আলোচনায় অংশ নেন আনিসুল হক, সাদ কামালী ও শাহ্নাজ মুন্নী। সভাপতিত্ব করেন কবি ও গবেষক মনজুরে মওলা।
রোববারের আয়োজন
রোববার মেলার মূলমঞ্চে মোহাম্মদ মনিরুজ্জামানকে নিয়ে আলোচনা অনুষ্ঠান হবে। তাতে প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক রফিকউল্লাহ খান। আলোচনায় অংশ নেবেন মোহাম্মদ রফিকউজ্জামান, খোন্দকার আশরাফ হোসেন ও বিশ্বজিৎ ঘোষ। সভাপতিত্ব করবেন কবি আসাদ চৌধুরী। সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কবীর চৌধুরীকে স্মরণ
বাংলা একাডেমীর সাবেক সভাপতি প্রয়াত কবীর চৌধুরীর স্মরণে তার ছবি নিয়ে ১২ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আলোকচিত্রশিল্পী এম তাহেরের ক্যামেরায় বিভিন্ন সময়ে ধারণ করা কবীর চৌধুরীর ছবি নিয়ে ১৭ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমীর নতুন ভবনের নিচতলায় এই প্রদর্শনী চলবে।
নীরবতা
শাহবাগের গণআন্দোলনের কর্মী ও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার প্রতিবাদ এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বইমেলা প্রাঙ্গণের তথ্যকেন্দ্রের সামনে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের নেতৃত্বে নীরবতা পালন কর্মসূচিতে বইমেলায় উপস্থিত সবাই অংশ নেন। এ সময় পুরো মেলা প্রাঙ্গণে নেমে আসে সুনসান নীরবতা।
শুক্রবার রাতে রাজধানীর মিরপুরে নিজ বাসার কাছে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট রাজীবকে হত্যা করা হয়। সহযোদ্ধা ও স্বজনদের দাবি, জামায়াত-শিবিরই গণজাগরণের এই কর্মীকে হত্যা করেছে।
