২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুজবে কান দেবেন না: এসইসি চেয়ারম্যান

বিনিয়োগকারীদের গুজবে কান না দিতে বলেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খাইরুল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 02:16 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

শনিবার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) ই-লাইব্রেরি ও আপডেট ওয়েবসাইটের উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এম খায়রুল হোসেন বলেন, পুঁজিবাজারের ওঠা- নামা একটি স্বাভাবিক প্রক্রিয়া। বর্তমান বাজারে কোন তারল্য সংকট নেই। বিনিয়োগকারীরা যেন কোনো গুজবে কান দিয়ে বিচলিত না হয় তা সংশ্লিষ্ট সবাইকে দেখতে হবে।

গত কয়েক মাসে দেশের দুই পূঁজিবাজার সূচক ও লেনদেনের ক্ষেত্রে এক

ধরণের স্থিতিশীল আচরণ করছে বলে দাবি করেন তিনি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ক্রমান্বয়ে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়ছে। গত এক মাসে বাজারে এর প্রভাব পরিলক্ষিত হয়েছে।

স্বচ্ছতা, কম ঝুঁকির নিশ্চতায়সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে সিএসইতেই বর্তমানের ৫৭ কোটি টাকার লেনদেন থেকে ৫০০ কোটি টাকা হয়ে যেতে পারে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসি কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী। এছাড়া সিএসইর সভাপতি আল মারুফ খানসহ এর পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সিএসই সভাপতি বলেন, সিএসইর ই-লাইব্রেরি বিখ্যাত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ই-প্রকাশনায় সমৃদ্ধ। এই ই-লাইব্রেরি চালুর ফলে এর সদস্য ও ব্যবহারকারীরা সবার চাহিদা অনুযায়ী তথ্য জানতে পারবেন।

ই লাইব্রেরিতে বিভিন্ন জার্নাল এবং ফাইন্যান্স ও ফাইন্যান্সিয়াল সেক্টর, গভার্ন্যান্স, তথ্যপ্রযুক্তি, সামষ্টিক অর্থনীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, রাষ্ট্রীয় ও বিরাষ্ট্রীয় খাতের উন্নয়ন প্রভৃতি বিষয়ের প্রকাশনা পাওয়া যাবে বলে তিনি জানান।

অন্যদিকে, সিএসইর নতুন ওয়েবসাইটটিতে অনেক আকর্ষণীয় ফিচার যোগকরা হয়েছে। এটি বিনিয়োগকারীদের মার্কেট বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সিএসইর চেয়ারম্যান জানান।