রোববার শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন
যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ সাত দফা দাবিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গেয়ে সংহতি জানানোর নতুন কর্মসূচি ঘোষণা করেছে শাহবাগের আন্দোলনকারীরা।
ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের ইমরান এইচ সরকার শুক্রবার শাহবাগের জাগরণ সমাবেশে থেকে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, আগামী রবিবার সকাল ১০টায় মাদ্রাসাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গওয়া হবে।
আর গত ১১ দিন সকাল-দুপুর-রাত টানা আন্দোলন চালিয়ে এলেও এখন থেকে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত শাহবাগে বিক্ষোভ চলবে।
তবে যে কোনো প্রয়োজনে কয়েক মিনিটের নোটিসে চত্বরে সমবেত হয়ে আবারো একটানা বিক্ষোভ চালানোর জন্যও সবাইকে প্রস্তুত থাকতে বলেন ইমরান।
তিনি বলেন, এখন থেকে যেখানেই জামায়াত-শিবিরের নাশকতা ও ঔদ্ধত্য দেখা যাবে, সেখানেই প্রতিরোধের মানবদূর্গ গড়ে তোলা হবে। এ জন্য সতর্ক নজরদারী চালাতে হবে। সমাজের সব স্তরে চালাতে হবে গণসংযোগ।
এই আন্দোলনকে আরো পরিণত, বিস্তৃত, গভীরতর ও সুশৃঙ্খল করার জন্য এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সমাবেশের সভাপতি ইমরান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসার পর তা প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে।
সেই থেকে জাগ্রত জনতা রাতদিন শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে আসছে- ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।’
ছাত্র-জনতার আন্দোলনের মুখে যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের সুযোগ বাড়াতে ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে আসামিপক্ষের পাশাপাশি রাষ্ট্রপক্ষেরও আপিল করার সমান সুযোগ রেখে আইন সংশোধনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। রোববারই এ আইন পাস হতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া শাহবাগের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে জামায়াত নিষিদ্ধের বিলও সংসদে উপস্থাপনের প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী।
