খাগড়াছড়িতে ট্রাক্টরচাপায় সরকারি কর্মচারী নিহত
খাগড়াছড়ি সদরে ট্রাক্টরচাপায় এক সরকারি কর্মচারী নিহত হয়েছেন।
নিহত প্রদ্যুৎ কান্তি চাকমা (৪৮) প্রাণিসম্পদ বিভাগের সদর উপজেলার মাঠ সহকারী ছিলেন।
পুলিশ জানায়, পানখাইয়াপাড়ায় সকাল ১০টায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রদ্যুৎ কান্তি চাকমা মোটরসাইকেলে খাগড়াছড়ি বাজার থেকে পানখাইয়াপাড়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
খাগড়াছড়ি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জীব ত্রিপুরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর চালক ট্রাক্টরটি নিয়ে পালিয়ে গেছে। চালক ও দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক্টরটি আটকের চেষ্টা চলছে বলে জানান মোস্তাফিজুর রহমান।
