হামলার আশঙ্কায় রাবির গণমঞ্চে নিরাপত্তা জোরদার
যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের গণমঞ্চে ইসলামী ছাত্র শিবিরের হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ক্যাম্পাসে শিবিরের মিছিল থেকে আটক দুই কর্মী জিজ্ঞাসাবাদে ‘আক্রমণের’ পরিকল্পনার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ গণজাগরণ মঞ্চের সঙ্গে সংহতি প্রকাশ করে গত নয় দিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানেও গণমঞ্চ তৈরি করে প্রতিবাদী গান, আবৃত্তি, পথনাট্য ও মোমবাতি প্রজ্জ্বলনে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।
বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জানান, সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের নারিকেলবাড়িয়া এলাকা থেকে অর্ধশতাধিক শিবিরকর্মী মিছিল নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ ও গণমঞ্চ ঠেকানোর স্লোগান দিয়ে মূল ক্যাম্পাসের দিকে অগ্রসর হয়।
এ সময় মিছিল থেকে ক্যাম্পাসের টুকিটাকি চত্বরের গণমঞ্চে হামলা পরিকল্পনার খবর পায় পুলিশ।
ওসি জানান, তখনি পুলিশ সেখানে গিয়ে মিছিলে বাধা দিলে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সেখান থেকে শিবিরের দুই কর্মীকে আটক করে।
“আটক দুই কর্মী পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণমঞ্চে হামলা পরিকল্পনার কথা স্বীকার করেছেন। আরো জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও বায়ারিয়া থানার ওসি জানান।
মতিহার থানার ওসি আব্দুস সোবহানও জানান, শিবির ক্যাম্পাসে যে কোনো সময় নাশকতা চালাতে পারে বলে খবর রয়েছে তাদের কাছে।
গণমঞ্চের কর্মসূচিতে শিবিরের হামলার আশঙ্কা আন্দোলনের কর্মীরা বিভিন্ন সময় পুলিশকে অবহিত করেছে বলে জানান ছাত্র ইউনিয়নের সভাপতি শিপন আহমেদ।
