সড়ক দুর্ঘটনায় খাদ্য পরিদর্শক নিহত
রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুজন।
নিহত লিয়াকত হোসেন (৪৫) বরিশাল বিভাগের খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পল্টন এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অটোরিকশাটি জিরো পয়েন্ট থেকে পল্টনের দিকে আসছিল। আর বাসটি যাচ্ছিল দৈনিক বাংলা থেকে প্রেসক্লাবের দিকে। পল্টন মোড়ে বাসের চালক সিগন্যাল না মেনে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে অটোরিকশাটি রাস্তার এক দিকে ছিটকে পড়লে এর চালক এবং দুই যাত্রী লিয়াকত ও তার বন্ধু গোলাম কিবরিয়া আহত হন।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, লিয়াকত ও কিবরিয়াকে সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন। কিবরিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন।
লিয়াকতের ভাতিজা শাহীন হাসপাতালে সাংবাদিকদের জানান, তার চাচী ও লিয়াকতের স্ত্রী শাম্মী আক্তার কয়েকদিন আগে ঢাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন। তাকে নিয়ে যেতেই বরিশাল থেকে ঢাকায় আসেন লিয়াকত।
