‘সাংবাদিকদের নতুন বেতন কাঠামো জুনের আগে’
গণমাধ্যমকর্মীদের নতুন বেতন কাঠামো ঘোষণা আবার পিছিয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বৃহস্পতিবার সংসদে বলেছেন, আগামী জুনের মধ্যে এই বেতন কাঠামো ঘোষণা করা হবে।
সাংবাদিকদের দাবির মুখে মন্ত্রী গত বছরের ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো (ওয়েজ বোর্ড) প্রণয়নের ঘোষণা দিয়েছিলেন। পরে তিনি বলেন, এটা ১৮ ফেব্রুয়ারির মধ্যে হবে।
তথ্যমন্ত্রী বৃহস্পতিবার বলেন, “আশা করা যায়, এ বছরের জুন মাসের আগেই অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”
নতুন বেতন কাঠামো নির্ধারণে সরকার গত বছরের ১৮ জুন সংবাদপত্র মজুরি বোর্ড গঠন করে।
এই কমিটির ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ দেয়ার কথা থাকলেও তা দিতে পারেনি।
অবশ্য অষ্টম মজুরি বোর্ড ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে গণমাধ্যমকর্মীদের জন্য ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়।
মন্ত্রী জানান, প্রতিমাসে মূল বেতনের ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। এই ভাতা পরবর্তীতে নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বিত হবে।
