ট্রাইব্যুনাল সংশোধন বিল যাচাই শেষ
যাচাই-বাছাইয়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল নিয়ে প্রতিবেদন সংসদে উত্থাপিত হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ফজলে রাব্বী মিয়া বৃহস্পতিবার কমিটির সুপারিশসহ তাদের প্রতিবেদন উত্থাপন করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামি পক্ষ ও সরকারের সমান সুযোগ রেখে সংশোধিত আইনের খসড়া বুধবার সংসদে উত্থাপনের পর সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল।
আগামী রোববার এই বিল পাসের জন্য উত্থাপন করা হবে বলে আইনমন্ত্রী শফিক আহমেদ বুধবারই জানিয়েছিলেন।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দেশব্যাপী আন্দোলনের মধ্যে মন্ত্রিসভা আইন সংশোধনের প্রস্তাব অনুমোদনের দুদিন পর বুধবার তা সংসদে তোলা হয়।
গত ৫ ফেব্রুয়ারি রায়ের দিন থেকে কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগসহ দেশজুড়ে শুরু হয় গণজাগরণ।
এই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল করতে আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়।
গত রোববার আপিলের ক্ষেত্রে সমান সুযোগ রেখে আইন সংশোধনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “এ আইন সংশোধনের পর প্রসিকিউশন ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি উভয়েই আপিল করতে পারবে।”
যে আইনে যুদ্ধাপরাধীদের বিচার চলছে, তাতে যে কোনো রায়ের বিরুদ্ধে আসামি পক্ষের আপিলের বিধান থাকলেও শুধু খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে সরকারের।
জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আইন সংশোধনের এই উদ্যোগ বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
আইনমন্ত্রী প্রস্তাবিত সংশোধন প্রস্তাবে ট্রাইব্যুনালের খালাস আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে সরকার ও দণ্ডিতের পাশাপাশি অন্য কোনো সংক্ষুব্ধ ব্যক্তিকেও আপিল দায়েরের সুযোগ রাখা হয়।
তবে সংসদীয় স্থায়ী কমিটি পরীক্ষা-নিরীক্ষার পর জটিলতা এড়াতে সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিলের সুযোগ বাদ দিয়েছে।
শফিক আহমেদ বলেন, “যে কারো আপিল করার সুযোগ থাকলে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা থাকে। তাই জটিলতার আশঙ্কায় তা বাদ দেয়া হয়েছে।”
এছাড়া বিলের ২১ ধারায় আরো দুটি নতুন উপধারা সংযোজন করা হয়েছে।
প্রস্তাবিত ২১(৫) উপধারায় বলা হয়েছে, আপিলকারী যে সব নথির ওপর নির্ভর করতে চায় আপিল দাখিলের সময় তা সংযুক্ত করতে হবে।
আপিলের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব আরো বলেছিলেন, রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। আপিল বিভাগ ৪৫ দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে। বাড়তি সময় প্রয়োজন হলে আদালত আরো ১৫ দিন সময় নিতে পারবে।
অর্থাৎ আপিল করার পর সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।
আপিল নিষ্পত্তির ক্ষেত্রে ৪৫ দিন ও ১৫ দিনের বর্ধিত সময় পৃথকভাবে না রেখে একসঙ্গে ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রাখার প্রস্তাব করেছে সংসদীয় কমিটি।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আদালত আইন সংশোধনের পর বর্তমান সরকার আমলে বহু প্রতীক্ষিত এই বিচার শুরু হয়।
১৯৭৩ সালে প্রণীত আইনে সরকারের আপিলের কোনো সুযোগ ছিল না। ২০০৯ সালে আইন সংশোধনের পর সরকার পক্ষের আপিলের সুযোগ রাখা হয়, তবে শুধু খালাসের রায়ের ক্ষেত্রে।
এখন আইন আবার সংশোধনের মাধ্যমে আপিলের সমান সুযোগ দেয়া হচ্ছে।
