আপিলে সমান সুযোগের বিল সংসদে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামি পক্ষ ও সরকারের সমান সুযোগ রেখে সংশোধিত আইনের খসড়া বিল আকারে সংসদে উত্থাপিত হয়েছে।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দেশব্যাপী আন্দোলনের মধ্যে মন্ত্রিসভা আইন সংশোধনের প্রস্তাব অনুমোদনের দুদিন পর বুধবার তা সংসদে উঠল।
আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপনের পর তা যাচাই-বাছাইয়ের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
কমিটিকে ১ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলে কমিটি বুধবারই আইনটি পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ চূড়ান্ত করেছে।
বিলটি উত্থাপনের পর সব সাংসদ টেবিল চাপড়ালে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, “দিস ইস দি ভয়েস অফ দি হাউস।”
স্পিকার আবদুল হামিদ সাংবাদিকদের বলেন, “স্থায়ী কমিটির প্রতিবেদন বৃহস্পতিবারের মধ্যে পাওয়া গেলে রোববার বিলটি পাস হবে।”
মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের পর তার বিরুদ্ধে আপিলের সুযোগ সীমিত থাকার বিষয়টি আলোচনায় আসে।
এই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল করতে আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়।
গত রোববার আপিলের ক্ষেত্রে সমান সুযোগ রেখে আইন সংশোধনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “এ আইন সংশোধনের পর প্রসিকিউশন ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি উভয়েই আপিল করতে পারবে।”
যে আইনে যুদ্ধাপরাধীদের বিচার চলছে, তাতে যে কোনো রায়ের বিরুদ্ধে আসামি পক্ষের আপিলের বিধান থাকলেও শুধু খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে সরকারের।
তবে জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আইন সংশোধনের এই উদ্যোগ বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
আইন সংশোধনের যুক্তি দেখিয়ে আইনমন্ত্রী বলেন, সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সব নাগরিকের আইনের সমান আশ্রয় লাভের যে অধিকার দেয়া হয়েছে, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল দায়েরের ক্ষেত্রে তার প্রতিফলন ঘটেনি।
“সেজন্য ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে উভয় পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আইনের সমান সুযোগ নিশ্চিত করতে ট্রাইব্যুনালের খালাস আদেশ বা দণ্ডাদেশের বিরুদ্ধে সরকার ও দণ্ডিতের পাশাপাশি অন্য কোনো সংক্ষুব্ধ ব্যক্তিকেও আপিল দায়েরের সুযোগ প্রদানের সুযোগ রাখা হয়েছে বিলটিতে।”
তবে সংসদীয় স্থায়ী কমিটি পরীক্ষা-নিরীক্ষার পর জটিলতা এড়াতে সংক্ষুব্ধ ব্যক্তিদের আপিলের সুযোগ বাদ দিয়েছে বলে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান।
বিলটি নিয়ে বুধবারই বৈঠকে বসে সংসদীয় কমিটি। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. ফজলে রাব্বী মিয়া। আইনমন্ত্রীও বৈঠকে অংশ নেন।
শফিক আহমেদ বলেন, “যে কারো আপিল করার সুযোগ থাকলে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা থাকে। তাই জটিলতার আশঙ্কায় তা বাদ দেয়া হয়েছে।”
এছাড়া বিলের ২১ ধারায় আরো দুটি নতুন উপধারা সংযোজন করা হয়েছে।
প্রস্তাবিত ২১(৪) উপধারায় বলা হয়েছে, আপিল দাখিলের ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। যদি কোনো কারণে ওই সময়ের মধ্যে নিষ্পত্তি করা না যায়, সেক্ষেত্রে কারণ উল্লেখ করে আরো ১৫ দিন সময় বাড়ানো যাবে।
প্রস্তাবিত ২১(৫) উপধারায় বলা হয়েছে, আপিলকারী যে সব নথির ওপর নির্ভর করতে চায় আপিল দাখিলের সময় তা সংযুক্ত করতে হবে।
অর্থাৎ আপিল করার পর সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।
আপিল নিষ্পত্তির ক্ষেত্রে ৪৫ দিন ও ১৫ দিনের বর্ধিত সময় পৃথকভাবে না রেখে একসংগে ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রাখার প্রস্তাব করেছে সংসদীয় কমিটি।
আইনমন্ত্রীও জানান, বৃহস্পতিবার স্থায়ী কমিটির প্রতিবেদন সংসদে উত্থাপন করা হবে এবং রোববার বিলটি পাসের জন্য তোলা হবে।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আদালত আইন সংশোধনের পর বর্তমান সরকার আমলে বহু প্রতীক্ষিত এই বিচার শুরু হয়।
১৯৭৩ সালে প্রণীত আইনে সরকারের আপিলের কোনো সুযোগ ছিল না। ২০০৯ সালে আইন সংশোধনের পর সরকার পক্ষের আপিলের সুযোগ রাখা হয়, তবে শুধু খালাসের রায়ের ক্ষেত্রে।
এখন আইন আবার সংশোধনের মাধ্যমে আপিলের সমান সুযোগ দেয়া হচ্ছে।
