২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে হামলার প্রতিবাদ শাবি শিক্ষার্থীদের

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বাসে হামলায় জড়িতদের শাস্তি দাবিতে  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 12:32 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রী প্রথম ছাত্রী হল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ-মিছিল বের করেন। শিক্ষকরাও কর্মসূচিতে অংশ নেন।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।

শিক্ষার্থী উত্তম দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রথম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক নাজিয়া চৌধুরী, সহকারী অধ্যাপক শহিদুর রহমান সুমন, শিক্ষার্থী তসলিমা আক্তার প্রমুখ।

বুধবার রাতে সাড়ে ৮টায় সিলেট নগরীর চৌহাট্টা গণজাগরণ মঞ্চ থেকে ছেড়ে আসা বিশ্ববিদ্যালয়গামী বাসটি নগরীর মদিনা মার্কেট এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাতে হামলা করে।

শিক্ষার্থীদের অভিযোগ, হামলাকারীরা শিবিরের নেতাকর্মী।

এ ঘটনায় আহত ছয় শিক্ষার্থীর মধ্যে দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসে হামলার প্রতিবাদে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সিলেট-সুনামগঞ্জ সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।