২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসন পুনর্বিন্যাস: প্রতিবাদে ভেদরগঞ্জে বিএনপির বিক্ষোভ

সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভেদরগঞ্জ উপজেলায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির একাংশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 12:12 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

অবরোধের কারণে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কসহ ভেদরগঞ্জের আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

শরীয়তপুর-৩ আসন থেকে ভেদরগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভাকে আলাদা করে শরীয়তপুর-২ আসনে অন্তর্ভুক্ত করায় বৃহস্পতিবার এর প্রতিবাদ জানায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতা কর্মীরা।  

ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলা নিয়ে শরীয়তপুর-৩ আসন।
গত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনের ভেদরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে সখিপুর থানাসহ ৯টি ইউনিয়নকে কেটে নিয়ে শরীয়তপুর-২ আসনের সঙ্গে অন্তভুক্ত করা হয়েছিল। 

গত ৮ ফেব্রুয়ারি সীমানা পুননির্ধারণের পর ওই উপজেলার বাকি ৪টি ইউনিয়নও শরীয়তপুর-২ আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়। এই ইউনিয়নগুলো হল- নারায়ণপুর, ছয়গাও, মহিষার রামভদ্রপুর ও ভেদরগঞ্জ পৌরসভা।

সীমানা পুননির্ধারণের প্রতিবাদে সকালে এমএ রেজা ডিগ্রি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে তারা সমাবেশ করে।

এ সময় কলেজ রোডসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে তারা।

এর আগে শরীয়তপুর-৩ আসনের এলাকা পুনর্বিন্যাসের প্রতিবাদে বুধবার ভেদরগঞ্জে হরতাল পালন করে উপজেলা সংগ্রাম পরিষদ।