রাজাকারবিরোধী ‘বিগ্রেড’ গড়ার ডাক
রাজাকারমুক্ত বাংলাদেশ গড়তে পাড়ায়-মহল্লায় ‘বিগ্রেড’ গড়ার ডাক দিয়েছেন প্রজন্ম চত্বরের অগ্নিকণ্ঠী লাকি আক্তার।
স্ট্যাটাসে লাকি বলেন, “আজ স্বৈরাচার প্রতিরোধ দিবস। ঐতিহাসিকভাবে আবারো আজকের দিনটি তাৎপর্যপূর্ণ হয়ে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসুন যে যেখানে আছি সবাই মিলে পাড়ায়-মহল্লায় ব্রিগেড গড়ি। রাজাকারদের প্রতিহত করি, স্বৈরাচার প্রতিরোধ দিবসে আসুন, এবার রাজাকারদের প্রতিরোধ গড়ি।”
সারা দেশের প্রতিটি পাড়ায়-মহল্লায়, কর্মস্থলে যে যেখানে আছেন সেখানেই সবাইকে সন্ধ্যা ৭টায় মোমবাতি জ্বালিয়ে শাহবাগের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানান লাকী আক্তার।
তিনি বলেন, “এই মোমবাতি প্রজ্বলন মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, দুই লাখ বীরাঙ্গনা মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে। সেই মোমবাতির আলোয় প্রজ্জ্বলিত হবে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, শোষণমুক্তির চেতনা, সাম্যের চেতনা।
“আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নের লক্ষ্যে সেই বাংলাদেশ গড়তে চাই। জয় বাংলা, জয় জনতা।”
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন লাকি।
২০০৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আন্দোলনের মধ্য দিয়ে যোগ দেন ছাত্র ইউনিয়নে।
যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবির আন্দোলনে স্লোগানের জন্য সারা দেশেই এখন পরিচিত মুখ লাকি।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে স্লোগানরত লাকির ছবি তুলে অনেকেই লিখেছেন- ‘স্যালুট লাকি আক্তার!’
কাদের মোল্লার ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে অবিরাম স্লোগান দিয়ে যাচ্ছেন ছাত্র ইউনিয়ন নেতা লাকি। ফেনীর বাসিন্দা লাকি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।
ফেসবুকে তার ‘বন্ধুর’ বাইরেও ৯ হাজারের বেশি ‘ফলোয়ার’ রয়েছেন, যারা তার স্ট্যাটাস দেখতে পান।
