গোয়ালন্দে স্কুলছাত্র খুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার দরাপের ডাঙ্গা গ্রামের একটি গম ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আলিম প্রামাণিক (১৫) গোয়ালন্দ নাজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। সে উপজেলার ওমেদ আলী পাড়ার হায়াত আলী প্রামাণিকের ছেলে।
পরিবারের বরাত দিয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল বাশার জানান, বুধবার বিকালে আলিম মোটর সাইকেল নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে, মোটর সাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
