২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভালবাসার দিন, তাই ওকেও নিয়ে আসা’

যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গণজাগরণে বদলে গেছে ‘ভালবাসার দিনের’ রঙ। অনেকেই প্রিয়জনের হাত ধরে উপস্থিত হয়েছেন শাহবাগে, কণ্ঠ মেলাচ্ছেন স্লোগানে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 08:05 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

উত্তরা থেকে স্ত্রী পিংকিকে নিয়ে বৃহস্পতিবার সকালে শাহবাগমুখী জনস্রোতে শামির হয়েছেন ব্যাংক কর্মকর্তা জয়ন্ত আহমেদ।

“আজ ভ্যালেন্টাইনস ডে। অনেক দেশে এই দিনটিকে ভালবাসা দিবস হিসাবে উদযাপন করে মানুষ। আমরা দেশকে ভালোবাসি, তাই দেশের টানে ওকে নিয়েই আজ এখানে এসেছি।” 

ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী অরুন চন্দ্র রায় বলেন, “আজকের ভালোবাসা দিবসে একটাই চাওয়া, আর সেটা হল- রাজাকারের ফাঁসি।”

অন্যদিনগুলোর মতো এদিন সকালেও শাহবাগে দেখা যায় স্কুল-কলেজ শিক্ষার্থীদের সরব উপস্থিতি।

ইস্পাহানী গার্লস স্কুল অ্যান্ড কলেজের দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সকালে একটি মিছিল নিয়ে শাহবাগের বিক্ষোভে সংহতি জানান।

কলেজের অধ্যাপিকা শাহেদা বেগম বলেন, এসএসসি পরীক্ষার কারণে আলাদা আলাদাভাবে সংহতি জানালেও সম্মিলিতভাবে আজই প্রথম আসা।

“আজকের দিনে এখানে আসার একটিই কারণ, আমরা চাই ভালোবাসা দিবসের দাবি একটিই হোক আর সেটি যুদ্ধাপরাধীদের ফাঁসি।”

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে ওই কলেজের ছাত্রী এবারের এইচএসসি পরীক্ষার্থী আয়েশা আক্তার বলেন, এখন যারা একাত্তরের রাজাকারদের মতো আচরণ করছে তাদেরও বিচার করতে হবে।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইসা মাহজাবিন বলেন, “দেশকে ভালবাসি- তাই আজকের এই বিশেষ দিনে এসেছি দেশের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশে।

“দেশকে স্বাধীনতাবিরোধী মুক্ত করার স্বপ্ন নিয়ে যোগ দিয়েছি এখানে।”

সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শাহবাগের গণজাগরণ চত্বরে শুরু হয় আন্দোলনের দশম দিনের প্রতিবাদ। সন্ধ্যা ৭টায় জনে জনে মোমবাতি জ্বালিয়ে নতুন প্রজন্মের এ দাবিতে একাত্ম হওয়ার আহ্বান রয়েছে দেশবাসীর প্রতি।

গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসার পর তা প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে। তখন থেকে টানা চলছে এই প্রতিবাদ।