নড়াইলে পুলিশ পরিচয়ে ডাকাতি, আহত ৩
পুলিশ পরিচয়ে নড়াইলের সদর উপজেলায় একটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে তিন জন আহত হয়েছেন।
সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামের সুনিল বোসের বাড়িতে বৃহস্পতিবার ভোর রাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখের বেশি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
আহত সুনীল বোস(৮০), নিত্যানন্দ বোস (৪০) ও শংকর বোসকে (৪৫) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহকর্তা সুনীল বোস জানান, ভোর রাতে ১০/১২ জনের একটি দল পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। তাদের বাধা দেয়ার চেষ্টা করলে তারা তিন জনকে কুপিয়ে আহত করে।
ডাকাতরা নগদ দেড় লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া দিলে ডাকাত দল পালিয়ে যায়।
নড়াইল সদর থানার ওসি মতিয়ার রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
