প্রতিবাদে বসন্তবরণ শাহবাগে
বসন্তের প্রথম দিনেও প্রতিবাদের গান আর স্লোগানে যুদ্ধাপরধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ।
বুধবার নবম দিনের মতো সোচ্চার এই গণজাগরণে যোগ দেয় স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দিন শুরু হলেও দুপুর পর্যন্ত অগ্নিঝরা স্লোগানে প্রকম্পিত হয় পুরো শাহবাগ চত্বর। বেলা ৩টা থেকে শুরু হয় গান আর কবিতা।
সকালে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শাহবাগ ও চারুকলা অনুষদের বকুলতলায় বসন্ত বরণে জড়ো হয়েছেন, তাদের গায়ে ছিল বাসন্তি, গেরুয়া, লাল, কমলার সঙ্গে প্রতিবাদের কালো। কপালে ‘রাজাকারে ফাঁসি চাই’ লেখা ব্যান্ড, ছিল জাতীয় পতাকা।
দুপুর পর্যন্ত স্কুল, কলেজের শিক্ষার্থী বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করে জনতার ভিড়।
বিকেল পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। শাহবাগ মোড় থেকে টিএসসি, আজিজ মার্ট, রূপসী বাংলা হোটেল ও রমনা পার্কের মূল গেইট পর্যন্ত লোকে লোকারণ্য। ভিড়ের কথা চিন্তা করেই এদিন সমাবেশ স্থলে বাড়ানো হয়েছে মাইকের সংখ্যা।
ফাল্গুনের উৎসবে আন্দোলনে যোগ দিতে বুধবার প্রথমদিনের মতো সমাবেশে এসেছেন আকরাম হোসেন। বললেন, “আজ প্রথম এসেছি আমি। খুবই ভালো লাগছে।”
আবদুল্লাহ আল মামুন নামে আরেক যুবক জানালেন, “ফাগুন এবং আগুন দুটেই আজ মিলেছে শাহবাগে। এটাই আজকের দিনে বড় পাওয়া।।”
সকাল সাড়ে ৭টায় বকুল তলায় যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত আবাহন। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের অনুষ্ঠানসূচিতে জাগরণী গানও ছিল।
মঙ্গলবার বিকাল ৪টা থেকে তিন মিনিট সারা দেশে যার যার অবস্থানে নীরবে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে একাত্মতা জানানোর অভূতপূর্ব কর্মসূচির পর মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি রয়েছে ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
এরই মধ্যে বুধবার সন্ধ্যা ৭টায় পুরো শাহবাগ চত্বর দাঁড়িয়ে পড়ে শহীদ জননী জাহানারা ইমামের প্রতি শ্রদ্ধায়। এ সময় এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত জনতা।
এদিন গণজাগরণের কেন্দ্রস্থল শাহবাগে বসানো হয় শহীদ জননী জাহানার ইমামের বিশাল একটি প্রতিকৃতি। ৩০ ফুট বাই ১৫ ফুট মাপের এই প্রতিকৃতিটি তৈরি করেছেন চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।
এর আগে বিকেল ৩টায় প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চে ফাল্গুনের প্রতিবাদী গান পরিবেশন করেন শিল্পীরা। গান, স্লোগানের ফাঁকে চলে কবিতা আবৃতিও। ফকির আলমগীরের গণসঙ্গীতে মেতে ওঠে পুরো শাহবাগ চত্বর।
গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার পর ওই রায় প্রত্যাখ্যান করে শাহবাগ মোড়ে এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে।
সেই থেকে জাগ্রত জনতা রাতদিন শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে আসছে- ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।’
জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে শাহবাগের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। মন্ত্রিসভায় ট্রাইব্যুনাল আইন সংশোধনের প্রস্তাব অনুমোদনও করা হয়েছে। সংসদের চলতি অধিবেশনেই আইন সংশোধনের বিল পাস করে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিল করার সুযোগ সৃষ্টি করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার তিন মিনিটের সংহতি কর্মসূচির পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী সাংবাদিকদের জানিয়েছেন, জামায়াত নিষিদ্ধের বিল সংসদে উপস্থাপন প্রক্রিয়াধীন রয়েছে। চলতি সংসদেই এ বিল উঠবে।
যুদ্ধাপরাধে আটক নেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভ থেকে কয়েক মাস ধরে পুলিশের ওপর হামলা চালানোর মধ্যে কাদের মোল্লার রায়ের আগের দিন মতিঝিলে সমাবেশ করে ‘গৃহযুদ্ধের’ হুমকি দেয় জামায়াত।
গত শুক্রবার মহা সমাবেশ করে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এই দলটিকে নিষিদ্ধ করারও দাবি জানায় শাহবাগের আন্দোলনকারীরা।
