‘ট্রাইব্যুনালের বিরোধিতাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে’
যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরোধিতাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সভাপতি শাহরিয়ার কবীর।
বুধবার রাত ৮টার দিকে রাজশাহী মহানগরীর বঙ্গবন্ধু চত্ত্বরের গণজাগরণ মঞ্চে সংহতি প্রকাশ করে তিনি এ কথা বলেন।
শাহরিয়ার করীর বলেন, এ ট্রাইব্যুনালের বিরুদ্ধে দাঁড়ানো মানে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়ানো। এ ট্রাইব্যুনালের বিরোধিতা করা মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা।
যারা এ ট্রাইব্যুনালের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে বিচার করে ফাঁসিতে ঝোলানো হবে, বলেন তিনি।
এ সময় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সম্পাদক মন্ডলীর সদস্য মমতাজ লতীফা, আইন বিষয়ক সম্পাদক তুরীন আফরোজ, ভাষা সৈনিক আবুল হোসেন, রাজশাহী শাখা সভাপতি সজীত সরকার, সম্মিলিত সংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সৈয়দ সাফিকুল আলম সাফিক উপস্থিত ছিলেন।
