২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-শিবিরের ৬৮ নেতাকর্মী রিমান্ডে

রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৮৩ নেতাকর্মীর মধ্যে ৬৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে হেফাজত মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আদালত প্রতিবদেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 02:35 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

অপর ১৫ জনের হেফাজত ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

মতিঝিল থানার দুটি মামলায় পাঁচদিন করে ১০ দিন ও তেজগাঁও থানার তিনটি মামলায় চারদিন করে ১২ দিনের হেফাজত মঞ্জুর করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান ও হারুন অর রশিদ এসব আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের ১০ দিন করে হেফাজতের আবেদন করেছিলেন।

এছাড়া ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জামায়াত-শিবির কর্মী সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো ৩৪ জনের মধ্যে ৩২ জনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার ঢাকার বিভিন্ন স্থানে সংঘবদ্ধ হয়ে নাশকতার চেষ্টা, জঙ্গি মিছিল, জনমনে ভীতি ও আতংক সৃষ্টি, পুলিশের উপর হামলা চালানো ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ বলছে, দক্ষিণের বিভিন্ন জেলা থেকে বাসে ও লঞ্চে করে এসে জামায়াত-শিবির কর্মীরা ‘নাশকতার’ চেষ্টা করছে রাজধানীতে। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ৩৪ জনকে আটক করেছে পুলিশ।

কোতয়ালী থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের কাছে তথ্য আছে, নাশকতা সৃষ্টির জন্য দেশের দক্ষিণাঞ্চল থেকে জামায়াত-শিবির কর্মীদের ঢাকায় জড়ো করা হচ্ছে।”

বাসে করেও বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে দলটির কর্মীরা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।