ছাত্র পেটানোয় সিরাজগঞ্জে স্কুলশিক্ষককে শোকজ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রকে পেটানোর অভিযোগে বিদ্যালয়ের এক শিক্ষককে শোকজ করা হয়েছে।
ছাত্রের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাত্ক্ষণিক এ ব্যবস্থা নেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার শ্যালবরিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দুপুরে সহপাঠীদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে শিক্ষক অনন্ত কুমার মজুমদার পঞ্চম শ্রেণির ছাত্র আতিকুলকে গলা টিপে ধরেন এবং বেদম প্রহার করেন।
এতে ওই শিক্ষার্থীকে হাসপাতালে পাঠাতে হয়।
স্কুলের প্রধান শিক্ষক ইব্রাহীম হোসেন জানান, অনন্ত কুমার এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।
আতিকুলকে প্রহারের ঘটনায় তার বাবা বকুল সরকার বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন।
