২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক-নিম্ন মাধ্যমিকে পরীক্ষা কমলো

মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্তরে তিনটির বদলে দুটি ‘টার্মিনাল’ পরীক্ষা রেখে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 12:09 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বুধবার জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, সকল সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে চলতি বছরের ৯ থেকে ২২ জুন অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে। ফল প্রকাশ হবে ৭ জুলাই।

২১ অক্টোবর হতে ৪ নভেম্বর পর্যন্ত হবে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা, যার ফল দেয়া হবে ১৩ নভেম্বর।

এছাড়া ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা হবে ২১ নভেম্বর হতে ৪ ডিসেম্বর। এই পরীক্ষার ফল ১৫ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, নতুন পাঠ্যসূচি অনুযায়ী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কারিকুলাম বিশেষজ্ঞদের সুপারিশের আলোকে প্রথম সাময়িক পরীক্ষা বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

আগে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের (মাধ্যমিক স্তর) প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার পর বছর শেষে বার্ষিক পরীক্ষা দিয়ে পরবর্তী শ্রেণিতে যেতে হতো।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মাধ্যমিক পর্যায়ে বেশির ভাগ পরীক্ষা সৃজনশীল পদ্ধতিতে হওয়ায় শিক্ষার্থীদের মুখস্ত করার প্রবণতা কমে গেছে। তাই ক্লাস বেশি নেয়ার ওপর জোর দিতেই একটি টার্মিনাল পরীক্ষা বাদ দেয়া হয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ১০৪টি নতুন পাঠ্যবই চালু করেছে এনসিটিবি। বছরের প্রথম দিনই এসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।