মোবাইলফোন অপারেটরদের নিয়ে বসতে চান মন্ত্রী
টেলিকম খাতের সমস্যা সমাধানে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন
মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে টেলিকম খাতের বিশেষজ্ঞ ও অপারেটরদের প্রতিনিধিরা বিভিন্ন সমস্যা তুলে ধরলে মন্ত্রী এ প্রস্তাব দেন।
‘বাংলাদেশে টেলিকম সেক্টরেরর ভবিষ্যত এবং ভিশন ২০২১ অর্জনে এর অবদান’ শীর্ষক ওই সেমিনার অনুষ্ঠিত হয় রূপসী বাংলা হোটেলে।
টেলিকম খাতকে বিপুল সম্ভবনাময় উল্লেখ করে মন্ত্রী বলেন, “এ সেক্টরের উন্নয়নের জন্য অপারেটরদের সব ধরনের সহযোগিতা করা হবে, এজন্য অপারেটেরদের সঙ্গে আলোচনায় জন্য মন্ত্রণালয় বিশেষভাবে আগ্রহী।”
তৃতীয় প্রজন্মের (থ্রিজি) লাইসেন্স নীতিমালা প্রায় চূড়ান্ত হয়ে গেছে জানিয়ে সাহারা থাতুন বলেন, শিগগিরই কয়েকটি অপারেটরকে নিলামের মাধ্যমে এ লাইসেন্স দেয়া হবে।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বলেন, টেলিকম খাতের কর হার বেশি, এ হার কমানো উচিত। কর কমানো হলে অধিক সংখ্যাক গ্রাহক এ সেবা নিবে এবং এতে রাজস্ব বৃদ্ধি পাবে।
তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মোবাইল খাতের অতিরিক্ত কর এ খাতের বিকাশে অন্তরায়।
শিগগিরই দেশে বেসরকারি অপারেটররা থ্রিজি লাইসেন্স পাচ্ছে জানিয়ে ইনু বলেন, আগামীতে থ্রিজি প্রযুক্তি নির্ভর মোবাইল হ্যান্ডসেট এবং এ সংক্রান্ত যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমাতে হবে, গ্রাহক বৃদ্ধি পেলে সরকার অতিরিক্ত রাজস্ব আয় করতে পারবে।
সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়, টেলিকম খাতে অতিরিক্ত কর এবং ভ্যাট এ সেক্টরের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এজেন্য টেলিকম নীতি ও নিয়ন্ত্রক সংস্থাকে আরো বাস্তাবিক হতে হবে।
টেলিকম সেক্টরের জন্য একটি রোডম্যাপ বিশেষ করে তরঙ্গ বরাদ্দে একটি ভবিষ্যত পরিকল্পনা থাকতে হবে যাতে অপারেটররা তাদের ভবিষ্যত বিনিয়োগ পরিকল্পনা নিতে পারে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, অপারেটর ও সরকার যেন উভয়ে লাভবান হয় সে অনুসারে এ কাতে কাজ করা হচ্ছে।
বাংলাদেশে টেলিকম সেক্টরে সম্ভবনা রয়েছে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, বর্তমানে মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করছে, এ সেবা আরো সহজলভ্য করার জন্য উদ্যেগ নেয়া হয়েছে।
থ্রিজি লাইসেন্স নীতিমালা প্রায় চূড়ান্ত হয়েছে এবং অতিদ্রুত বেসরকারি অপারেটরদের এ লাইসেন্স দিতে নিলাম হবে বলে জানান সুনীল কান্তি বোস।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান বলেন, ব্যান্ডউথের দাম কমানো হলেও অপারেটরা ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমাচ্ছেন না। শিগগির ব্যান্ডউইথের দাম ৮ হাজার থেকে ৫ হাজার করা হচ্ছে।
অ্যাসোসিয়েশেন অব মোবাইল ফোন অপারেটর অব বাংলাদেশ (এমটব) সভাপতি মাইকেল কুন্যার বলেন, টেলিকম সেক্টরের জন্য দীর্ঘমেয়াদি রেগুলেটরি রোডম্যাপ থাকা উচিত, যাতে অপারেটররা তাদের ভবিষ্যত বিনিয়োগ নিশ্চিত করতে পারে।
বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ফারুক সোবহানের সভাপতিত্বে বিনিয়োগ বোর্ড চেয়ারম্যান এস এ সামাদ ও মোবাইল ফোন অপারেটর প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
