সাঈদীর ছেলে ৩ দিনের রিমান্ডে
একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম হোসাইন সাঈদীসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতের অনুমতি দিয়েছে আদালত।
পুলিশের উপর হামলা, কাজে বাধা ও বোমা হামলার মামলায় মঙ্গলবার পুলিশ শামীম সাঈদী, হাবিবুর রহমান, মোশারফ হোসেন, আব্দুর রশিদ ও মো. রিপনকে রিমান্ডে নেয়ার আবেদন করলে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান হেফাজতের এই আদেশ দেন।
শামীম হোসাইন সাঈদীসহ চারজনকে সোমবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে পুলিশ।
তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কবির হোসেন হাওলাদার হাতের সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদনে বলেন, আর কারা কারা ওই ঘটনায় জড়িত তা জানান জন্য হেফাজত জরুরি।
আসামিদের পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, এস এম কামাল উদ্দিনসহ আরো কয়েকেজন আইনজীবী হেফাজত আবেদন বাতিল চাইলেও জামিন চাননি বলে জানান, এ আদালতের একজন পুলিশ কর্মকর্তা আব্দুল গাফ্ফার ।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় কারাগারে রয়েছেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে তার মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে।
