লাশ গাজীপুরে পৌঁছছে, বিকালে জানাজা
কক্সবাজারের চকোরিয়ায় সড়ক দুর্ঘনায় নিহত ১৮ জনের লাশ গাজীপুর এসে পৌঁছেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার জেলা প্রশাসকের পক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান কফিন গ্রহণ করে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেন।
বিকাল ৩টায় গাজীপুর পৌর এলাকার হাড়িনাল উচ্চ বিদ্যালয় মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হবে।
লাশগুলো হাড়িনাল গ্রামে এসে পৌঁছলে আশপাশ এলাকার হাজার হাজার মানুষ ভিড় জমায়। পুরো এলাকা জুড়ে শোকাবহ অবস্থা বিরাজ করছে। হাড়িনাল বাজারসহ আশপাশের এলাকার দোকানপাটও বন্ধ রয়েছে।
সোমবার ভোরে গাজীপুর থেকে আসা নিরাপদ পরিবহনের বাসটি কক্সবাজার যাওয়ার সময় চকরিয়ায় একটি সেতুর রেলিং ভেঙে মাতামুহুরী নদীতে পড়ে গেলে এই ১৮ জন নিহত হন।
স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী ও পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে ঘটনাস্থল থেকে ১৬টি লাশ উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, গাজীপুরের নোয়াগাও গ্রামের লাল মিয়ার দুই স্ত্রী জয়নব বেগম (৫৫) ও রফিজা খাতুন (৪৫), তার ভাই আব্দুর রশিদ (৩৮), মেয়ে শিউলী বেগম (২৬), ভগ্নিপতি আব্দুল জলিল (৬০), লাঘালিয়ার নজর উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৫০), নোয়াগাওয়ের মাছুম আলীর ছেলে অহিদ আলী (৫০) ও ছেলায়মান (৩৮), খোয়াজ উদ্দিন পলানের ছেলে আফসার উদ্দিন পলান (৪৫), জব্বার আলীর ছেলে আব্দুল বাতেন (৪২), চান মিয়ার স্ত্রী নাজমা বেগম (৫০) হাড়িনালের আবুল হাসেমের ছেলে ইকবাল হোসেন (৩৫), খালেক গাজীর ছেলে আবুল হাসেম (৫০), আজিজ মিয়ার ছেলে রাজিব (৩০), বাড়িয়ার মাছুম উদ্দিনের ছেলে হানিফ (৪০), তিতারকুলের টুক্কা মিয়ার ছেলে আইছ্যেল্লা (৬০), আবুল কাশেমের স্ত্রী সুফিয়া খাতুন (৫০) ও ঢাকার রামপুরারর চান মিয়ার স্ত্রী রহিমা বেগম (৪৫)।
সোমবার বিকালেই লাশগুলো গাজীপুরের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয়। লাশ গ্রহণের পর স্থানীয়রা একসঙ্গে জানাজার সিদ্ধান্ত নেয়।
জানাজায় অংশ নিতে ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক এম এ মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্যাহ খান, গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ড. শহীদুজ্জামমান প্রমুখ ইতোমধ্যে হাড়িনাল উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়েছেন।
