২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেতুর রেলিং ভেঙে বাস নদীতে, ১৮ লাশ

কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে চকোরিয়ায় সেতুর রেলিং ভেঙে বাস নদীতে পড়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

এবং কক্সবাজার ও গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 02:54 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

নিহতদের সবার বাড়ি গাজীপুরে। ফটিকছড়িতে এক ওরশ শেষে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তাদের বাস দুর্ঘটনায় পড়ে বলে চকোরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপদ পরিবহনের বাসটি উপজেলার চিরিঙ্গা এলাকায় সেতুর রেলিং ভেঙে মাতামুহুরী নদীতে পড়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী ও পুলিশ আধাডোবা বাসটি থেকে ১৬ জনের লাশ উদ্ধার করে। ২৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানোর পথে মৃত্যু হয় আরো এক শিশুর।

বাকি ২৬ জনের মধ্যে ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আনুমানিক ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয় বলে জানান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক শিলব্রত বড়ুয়া।

বাকি ১২ জন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি রয়েছেন।

চকরিয়ার ওসি রণজিত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাসটিতে ৪৩ জন যাত্রী ছিলেন বলে উদ্ধারপ্রাপ্তরা জানিয়েছেন। নদীতে আধডোবা বাসটির ভেতরে আর কেউ নেই নিশ্চিত হয়ে সেনাবাহিনী ও পুলিশ দুপুরে উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছে।”

নিহতদের মধ্যে ১৬ জনের পরিচয় পাওয়া গেছে। এরা  হলেন- গাজীপুরের নোয়াগাঁও গ্রামের আকমল হোসেনের দুই স্ত্রী জয়নব বেগম (৬৫) ও মুফিজা আক্তার (৪৫); মেয়ে শিউলি আক্তার (১৪), ভাই আব্দুর রশীদ (৫০), ভগ্নিপতি আব্দুল জলিল শেখ (৫৫), নাতনি নুসরাত জাহান (৭) একই এলাকার তোয়াজ উদ্দিনের ছেলে আবছার উদ্দিন পালোয়ান (৫৫), আয়েশ আলী (৬০), আব্দুর রউফ (৫০) হানিফ মিয়া (৪৫), মোহাম্মদ আলী (৫০); সদরের হাড়িনাল গ্রামের আয়নাল হোসেনর ছেলে ইকবাল হোসেন (২৮), আব্দুল আজিজের ছেলে রাজীব (৩০), অহিজউদ্দিন (৮০); লাগালিয়া গ্রামের মইনউদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৪২), শ্রীপুর উপজেলার প্রল্হাদপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী লতিফা বেগম (৪৫)।

ওসি রণজিত বড়–য়া জানান, বিকাল সাড়ে ৩টার দিকে লাশগুলো গাজীপুরে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখানে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আহতদের একজন জানিয়েছেন, চট্টগ্রামের ফটিকছড়িতে মাইজভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশে যোগ দেয়ার জন্য শনিবার গাজীপুরের জয়দেবপুর থেকে চট্টগ্রামেস আসেন তারা।

ওরশ শেষে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে তাদের বাস দুর্টনায় পড়ে।