গোলাম আযমের ছেলেকে জেরা শেষ
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের পক্ষে প্রথম সাক্ষী তার ছেলেকে জেরা শেষ হয়েছে।
সোমবার প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আব্দুল্লাহিল আমান আযমীর জেরা শেষ করে প্রসিকিউশন।
গোলাম আযমের পক্ষে দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ১৩ ফেব্রুয়ারি শুরু হবে বলে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল জানিয়েছে।
সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আযমী তার বাবার পক্ষে গত বছরের ১২ নভেম্বর থেকে সাক্ষ্য দেয়া শুরু করেন। গত ৩ ফেব্রুয়ারি সাক্ষ্য শেষ হওয়ার পর প্রসিকিউটররা তাকে জেরা শুরু করেন।
গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা মতিউর রহমানসহ প্রসিকিউশনের পক্ষে ১৭ জন সাক্ষ্য দিয়েছেন।
মানবতাবিরোধী পাঁচ ধরনের অপরাধের ৬১টি অভিযোগে অভিযুক্ত করে গত ১৩ মে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। ১ জুলাই থেকে তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয় ।
সোমবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলার কার্যক্রমও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল।
