পিরোজপুরে জামায়াতের ১১ নেতাকর্মী কারাগারে
পুলিশের ওপর হামলার মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ১১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার সকালে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আলী মাসুদ শেখ এ আদেশ দেন।
এ সময় জেলা জামায়াতের আমির তোফাজ্জেল হোসেন ফরিদসহ চার জনকে জামিন দেয়া হয়।
কারাগারে পাঠানো হয় জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রব, জেলা শিবির সভাপতি আব্দুর রাজ্জাক চৌধুরী, আবু তাহের খান, মনির হোসেন, রিয়াজুল ইলাম, রুহুল আমীন, মজিবর মোল্লা, রাব্বি ফকির, ইসাহাক আলী, ফিরোজ হাওলাদার ও বেলায়েত হোসেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নকীব আক্রাম বলেন, গত ৭ ডিসেম্বর জুমার নামাজ শেষে জামায়াত-শিবিরের একটি বিক্ষোভ মিছিল থেকে সাঈদীর মুক্তির দাবি জানানো হয়।
ওই সময় তারা নাশকতার চেষ্টা চালায় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠিসোটা নিয়ে হামলা চালালে অন্তত চার জন পুলিশ আহত হয়।
ওই ঘটনায় পুলিশ মামলা দায়ের করে।
