জামায়াত নেতা তাসনিম ৫ দিনের হেফাজতে
রাষ্ট্রদ্রোহের মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনিম আলমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজত মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম সোমবার বিকালে এ আদেশ দেন।
উত্তরা (পশ্চিম) থানার একটি মামলায় উপ-পরিদর্শক আবু মিয়া আদালতে হাজির করে তাসনিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে নেয়ার আবেদন করেন।
এসময় আসামির আইনজীবী এস এম কামাল উদ্দিন হেফাজতের আবেদনের বিরোধিতা করেন এবং তার জামিন আবেদন করেন।
শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে পাঁচদিন হেফাজতে নেয়ার আদেশ দেন।
পুলিশের তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এর আগে তাকে মতিঝিল ও তেজগাঁও থানার বিভিন্ন মামলায় বিভিন্ন মেয়াদে হেফাজতে নেয়ার অনুমতি দেয় আদালত।
গত ১৭ ডিসেম্বর রাজধানীর উত্তরার বাসা থেকে সন্দেহভাজন হিসেবে তাসনিমকে গ্রেপ্তার করে পুলিশ ও র্যাব-১। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
