ঢাকা-মাওয়া সড়ক অবরোধ
পদ্মার মাওয়া প্রান্তে নদী শাসনের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করেছে মাওয়া ফেরি ঘাট ও এর আশপাশের গ্রামবাসী।
সোমবার সকাল ১০টার দিকে মাওয়া চৌরাস্তা পয়েন্টে এ অবরোধে প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেয়। এতে দক্ষিণবঙ্গে ২৩ জেলায় যাতায়াকারী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
পরে প্রশাসনের আশ্বাসের বেলা ১২টার দিকে অবরোধ তুলে নেয়া হয় বলে জেলা প্রশাসন জানায়।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো সাইফুল হাসান বাদল বলেন, সমস্যা সমাধানের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবরোধকারীদের সঙ্গে বৈঠক হবে।
অবরোধকারীদের একজন মোশারফ হোসেন খান নসু জানান, প্রশসনের আশ্বাসে অবরোধ আজকের মত তুলে নেয়া হয়েছে। তবে তিনদিনের মধ্যে ব্যবস্থা না নিলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
স্থানীয় মোতালেব খান জানান, বার বার আশ্বাস দিয়ে ক্ষতিগ্রস্ত এ এলাকায় নদী শাসনের কাজ শুরু না করে ওপারে শিবচর এলাকায় কাজের আহবান করা হয়েছে।
তিনি বলেন, গত অক্টোবরের ১৪ তারিখে মাওয়া ফেরি ঘাটে আকস্মিক নদী ভাঙনে সাতজন পদ্মায় ডুবে নিখোঁজ হয়। অব্যাহত এ ভাঙনে মাওয়া ১ ও ২ নং ফেরি ঘাট পদ্মায় সম্পূর্ণ বিলীন হয়ে যায়।৩ নং ঘাটটিতে ফাটল দেখা দিলে পুরো ফেরি ঘাটকেই অন্যত্র সড়িয়ে নেয়া হয়।
এ ছাড়া ভাঙনের ফলে আশেপাশের মাওয়া, মামুদপট্রি, উত্তর মেদিনী মন্ডল, কুমারভোগ, কান্দিপাড়া, যশলদিয়াসহ বিস্তীর্ণ এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরছাড়া হয়েছে অনেক পরিবার।
তিনি আরো জানান, এ নিয়ে গত ৩ ও ৫ নভেম্বর মাওয়ায় আন্দোলন করলে প্রশাসনের পক্ষে থেকে ১৫ দিনের মধ্যে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেবার আশ্বাস দেয়া হয়। কিন্তু এখনও কাজের কোন নমুনা না দেখায় আমরা বাধ্য হয়ে আন্দোলন শুরু করেছি।
