২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের গাড়িতে ট্রেনের ধাক্কা, আহত ৮

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় র‌্যাবের একটি টহল গাড়িতে থাকা আট সদস্য আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 11:39 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

রোববার মধ্যরাতে নগরীর বহরমপুর নতুন বিলসিমলা রেলক্রসিং এলাকায় ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

এরা হলেন র‌্যাব-৫ এর পরিদর্শক (ইন্সপেক্টর) মিজানুর রহামান, উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ, কনস্টেবল মাকসুদ ও কনস্টেবল আবদুল লতিফ।

এছাড়া র‌্যাবের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গাউস হোসেন, কনস্টেবল সুমন, আনসার সদস্য আবদুল কুদ্দুস ও কনস্টেবল আলফাজকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী র‌্যাবের মিডিয়া সেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক জোবায়ের সাংবাদিকদের বলেন, রাত একটায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি লোকাল মেইল ট্রেন রেলক্রসিংয়ের উপর র‌্যাবের একটি টহল গাড়িতে ধাক্কা দেয়।

এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে চার জনকে ঢাকায় পাঠানো হয় বলে জানান র‌্যাব কর্মকর্তা।

রামেক হাসপাতালের চিকিৎসক লুৎফর রহমান জানান, সেখানে চিকিৎসাধীন র‌্যাব সদস্যরা আশঙ্কামুক্ত।