২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বর্জনের শপথ

দাবি আদায় না হওয়া পর্যন্ত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 11:09 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে রোববার বিকালে বিভিন্ন শ্রেণি-পেশা ও নানা বয়সের মানুষ সমবেত হন জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায়।

মুষ্টিবদ্ধ হাত তুলে ধরে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে স্লোগান দেন তারা। সমবেত সবাই শপথ নেন একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগের আন্দোলনে আর্থিক-সামাজিক সহযোগিতা অব্যাহত রাখার।

জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট ইসলামী ব্যাংক বর্জনের ঘোষণা দিয়ে তারা থেকে ইসলামী ব্যাংকে কোনো হিসাবে লেনদেন না করার এবং এই ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ না পাঠানোর শপথ নেন।

দেশে-বিদেশে জামায়াত-শিবির পরিচালিত ও নিয়ন্ত্রিত কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেন তারা।

যুক্তরাষ্ট্রে আত্মগোপনকারী সব যুদ্ধাপরাধী ও রাজাকারের তথ্য সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রশাসনকে জানাবেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন সংগঠনের নেতারা।যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার জন্য তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্র সরকারকে অনুরোধ করার সিদ্ধান্ত নেন তারা।

সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদের যুক্তরাষ্ট্র শাখা, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, উদীচী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ থিয়েটার অব নর্থ আমেরিকা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের যুক্তরাষ্ট্র শাখা, জাসদ, বাসদ, জাতীয় পার্টিসহ প্রবাসীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রায় একই সময় একই দাবিতে ফ্লোরিডার মিয়ামিতেও যুক্তরাষ্ট্র প্রবাসীদের মানববন্ধন হয়।

এছাড়া গত ৮ ফেব্রুয়ারি লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সেও প্রবাসী বাংলাদেশিরা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে কর্মসূচি পালন করেন।