শ্রেণিকক্ষে ছুরিকাঘাত চবি শিক্ষার্থীকে
শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী।
সোমবার দুপুরে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০৭ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে বলে শিক্ষার্থীরা জানিয়েছে।
তারা বলছেন, প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- রাজনীতি বিজ্ঞান বিভাগের পলাশ কুমার রায় ও ইয়াকুব আলী।
কারা তাদের ছুরিকাঘাত করেছে, সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি।
ঘটনার পর শিক্ষার্থীরা বিভাগের শিক্ষক অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরীকে জানালে তিনি এসে দুজনকে হাসপাতালে পাঠান।
পলাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এয়াকুব বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক খান তৌহিদ ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইয়াকুব আলী ও তার সহপাঠী সাবরিনা সুলতানার প্রেম সম্পর্কিত জটিলতার জেরে এই ঘটনা ঘটে।
“শ্রেণিকক্ষের ভেতরে কে বা কারা ইয়াকুবকে ছুরি দিয়ে আঘাত করতে যায়। তার বন্ধু পলাশ বাধা দিতে গেলে সেও ছুরিকাহত হয়।”
কারা হামলা করেছে- জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে হামলাকারীদের সনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
