২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাথায় লাল-সবুজ, মুখে স্লোগান

যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনে একাত্ম হয়ে ‘নতুন ইতিহাস নির্মাণে’র অংশীদার হতে চান স্কুল-কলেজ শিক্ষার্থীরা, যাদের অনেকেরই জীবনে প্রথমবারের মতো মিছিল- শ্লোগানে সমবেত হওয়ার অভিজ্ঞতা হচ্ছে।

রিয়াজুল বাশার

ও সুজন মণ্ডল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 07:18 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

সোমবার ক্লাসের ফাঁকে শাহবাগে ছুটে এসে বিভিন্ন স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী যোগ দিয়েছেন সপ্তাহজুড়ে চলমান এ আন্দোলনে। জনতার স্রোতে মিশে গিয়ে তারা স্লোগান ধরেন- - ফাঁসি ফাঁসি ফাঁসি চাই/ যুদ্ধাপরাধীর ফাঁসি চাই; একাত্তরের হাতিয়ার/গর্জে উঠুক আরেকবার; তোমার আমার ঠিকানা/পদ্মা-মেঘনা-যমুনা।

মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এ আন্দোলনে বিভিন্ন শেণি-পেশার মানুষের সঙ্গে তাল মিলিয়ে দলে দলে ছুটে এসেছেন শিক্ষার্থীরা। স্কুল-কলেজের পোশাকেই শাহবাগ মোড়ের আশপাশে গোল হয়ে বসে স্লোগানে তারা কণ্ঠ মেলান।

নীল শার্ট আর কালো প্যান্ট-জুতায় ঢাকা কমার্স কলেজের কয়েকশ শিক্ষার্থীকে প্রায় সারাদিনই মিছিল শ্লোগানে মাতিয়ে রাখতে দেখা যায় পুরো শাহবাগ এলাকা।

বিমান বাহিনী পরিচালিত বি এ এফ শাহীন কলেজ, সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি পরিচালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও শামিল হয়েছেন এই জাগরণে।

নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র উচ্ছাসের মাথায় দেখা গেল লাল-সবুজের জাতীয় পতাকা বাঁধা; কপালে ‘রাজাকারের ফাঁসি চাই’ লেখা হেডব্যান্ড।

তিনি বলেন, “আগে কখনো মিছিল করিনি, স্লোগানও দেইনি। এটাই প্রথম। রাজাকারের ফাঁসির দাবিতে শ্লোগান দিতে খুব ভালো লাগছে।”

শ্লোগানের ফাঁকেই বদরুন্নেছা কলেজের ছাত্রী আয়েশা সিদ্দিকা বলেন, “অামাদের একটাই দাবি- রাজাকারদের ফাঁসি চাই।”

গত কয়েক দিন ধরে দিনের প্রথম অংশটা এই স্কুল-কলেজ পড়ুয়ারাই সমাবেশস্থল সরগরম রাখছেন। যতো দিন গড়াচ্ছে, ততোই বাড়ছে তাদের সরব উপস্থিতি।

বন্ধুদের সঙ্গে শাহবাগে এসেছেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ফারিহা তাবাসসুম। তিনি বললেন, রাজাকারদের ফাঁসি না হলে মনে শান্তি পাবে না, তাই চলে এসেছি।

শাহবাগের ফুলের দোকানগুলোর সামনের রাস্তায় গোল হয়ে বসে স্লোগান দিচ্ছিলেন বি এ এফ শাহীন কলেজের জনা ত্রিশেক শিক্ষার্থী।

ক্লাসকে আজ ‘ছুটি’ জানিয়ে সব বন্ধু মিলে আন্দোলনে এসেছেন বলে জানালেন তারা।

সকাল থেকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা শাহবাগে আসেন। রাস্তাজুড়ে ছোট ছোট দলে গোল হয়ে বসে ফাঁসির দাবিতে একাত্ম হন তারা।

ধানমন্ডি আইডিয়াল কলেজের ছাত্র আদনান সাকিব বলেন, “আমরা ‘৭১ দেখি নাই। এটাই আমোদের কাছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই আন্দোলনে অংশ নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি।”