২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ মার্চ গণমাধ্যমে ধর্মঘট

সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারসহ তিন দফা দাবিতে ১১ মার্চ সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টা সব ধরনের গণমাধ্যমে ধর্মঘটের ডাক দিয়েছে সাংবাদিকদের চারটি সংগঠন।    

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 06:55 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার দিন সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ‘মহাসমাবেশ’ থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এই ধর্মঘটের ঘোষণা দেন।

তিনি বলেন, ১১ মার্চ সোমবার সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা ‘অনলাইন, রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রসহ সব ধরনের গণমাধ্যমে’ ধর্মঘট পালন করা হবে।

“ওই দিন কোনো সাংবাদিক কর্মস্থলে গিয়ে কলম ধরবেন না। পরদিন সকালে প্রেসক্লাবের সামনে সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

তিনি বলেন, “দীর্ঘদিন সাংবাদিকরা সু-শৃঙ্খল কর্মসূচি দিয়ে দাবি জানিয়ে আসছি। তাদের খুনি যদি সাংবাদিকদের মধ্যে কেউ হয়ে থাকে তবে তাদেরকেও গ্রেপ্তার করতে বলেছি। কিন্তু সরকার তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে।”

ইকবাল সোবহান বলেন, নিহত সব সাংবাদিকদের পরিবার ও স্বজনদের নিয়ে একদিন প্রেসক্লাবের সামনে অনশন করার হবে।

সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এই মহাসমাবেশ শুরু হয়। সাংবাদিকদের প্রধান চার সংগঠন বিএফইউজে (দুটি অংশ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে।

তাদের দাবিগুলো হলো- সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার ও খুনিদের শাস্তি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।

সমাবেশে বিএফইউজের একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বলেন, সাংবাদিক সমাজকে লাঠি নিয়ে রাস্তায় নামতে বাধ্য করবেন না।

“সাংবাদিক সমাজ রাস্তায় নামলে সারাদেশের জনগণ রাস্তায় নামবে।”

ডিআরইউর সভাপতি শাহেদ চোধুরী বলেন, সরকার আন্তরিক হলে সব হত্যাকাণ্ডের বিচার হয়।

তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর কোনো সরকার সাংবাদিক হত্যার বিচার করেনি।

“সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচারের নামে কোনো ‘জজ মিয়া’ নাটক সাংবাদিক সমাজ মেনে নেবে না।”

সাংবাদিক নেতার বলেন, র‌্যাব এই হত্যাকাণ্ড নিয়ে ‘একটার পর একটা নাটক’ মঞ্চায়ন করলে সাংবাদিকরা তা বিশ্বাস করবে না।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। গত এক বছরে এ হত্যা রহস্যের কোনো কিনারা করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ হত্যা মামলায় এ পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করা হলেও ‘প্রকৃত’ খুনিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে সাংবাদিকদের সংগঠনগুলো।

এ দাবিতে গত ২৩ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন পালন করে তারা। এরপর ১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে সংগঠনগুলো। সেখান থেকেই এ মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়।

সমাবেশে বাংলাদেশ বিএফইউজের দুটি অংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমীন গাজী, প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, ডিআরইউ সভাপতি শাহেদ চৌদুরীসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

রক্তাক্ত শোবার ঘরে ‘ক্লু মেলেনি’ এক বছরেও