রক্তাক্ত শোবার ঘরে ‘ক্লু মেলেনি’ এক বছরেও
ঠিক এক বছর আগে সকালে ঘুম ভেঙে উঠে বাবা-মায়ের শোবার ঘরে তাদের রক্তাক্ত লাশ দেখে নানিকে খবর দিয়েছিল ছয় বছরের ছোট্ট মেঘ।
এরপর পুলিশ আসে, আসেন গোয়েন্দারা, সরকারের মন্ত্রীরাও আসেন। বিচারের দাবিতে রাস্তায় নামেন সাংবাদিকরা। বিস্ময়ে হতবাক সারা দেশে সন্দেহ আর অবিশ্বাসও দোলা দেয় কারো কারো বক্তব্যে।
তীব্র সমালোচনায় বিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী আট জনকে গ্রেপ্তার করে ‘সাফল্যের’ দাবি জানায়। কিন্তু আমেরিকা থেকে ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ‘ব্যর্থতার’ই খবর আসে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। গত এক বছরে এ হত্যা রহস্যের কোনো কিনারা করতে পারেনি পুলিশ বা র্যাব।
হত্যাকাণ্ডে দিন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে ৪৮ ঘণ্টার মধ্যে ‘দোষীদের’ খুঁজে বের করার নির্দেশ দেন।
ঘটনার পরদিনও সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেভাবে হোক ৪৮ ঘণ্টার মধ্যে ঘটনার হোতাকে ধরা হবে। আশা করি, তাদের পড়তেই হবে।”
১৩ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার দাবি করেন, তদন্তে ‘প্রণিধানযোগ্য’ অগ্রগতি হয়েছে। খুব তাড়াতাড়ি ‘ইতিবাচক’ খবর দেয়ারও আশা দেন তিনি।
এরপর ১৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মনিরুল ইসলাম বলেন, তাদের সন্দেহের তালিকায় কয়েক পেশার লোক রয়েছে। তাদের রাখা হয়েছে নজরদারিতে রয়েছে। সংশ্লিষ্টতা নিশ্চিত হলেই গ্রেপ্তার হবে খুনি।
কিন্তু তদন্ত শুরুর দুই মাসের মাথায় আদালতে ব্যর্থতা স্বীকার করতে বাধ্য হয় গোয়েন্দা পুলিশ। হাই কোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব বর্তায় র্যাবের ওপর।
এদিকে দীর্ঘদিনেও খুনি গ্রেপ্তার না হওয়ায় দেশজুড়ে আন্দোলনে নামে সাংবাদিকদের সবগুলো সংগঠন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে সময়ও বেঁধে দেয়া হয়।
সেই সময় শেষ হওয়ার ঠিক আগে গত অক্টোবরে হত্যাকাণ্ডে ‘জড়িত’ আটজনকে চিহ্নিত করে সাতজনকে গ্রেপ্তারের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এরা হলেন- রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পাল, সন্দেহভাজন ডাকাত রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ ও মো. সাঈদ।
এদের মধ্যে পাঁচজনই হলেন চিকিৎসক নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি। তারা ‘পেশাদার’ ডাকাত বলেও জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।
ওই দিনই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুনির ভাই গোলাম নওশের রোমান বলেন, তারভীর তাদের পারিবারিক বন্ধু নয়।
তিনি বলেন, “তানভীরকে আগে কখনও দেখিনি। তার নাম কখনও আপুর কাছে শুনিনি।”
‘চিহ্নিত’ আটকজনের মধ্যে বাকি একজন অর্থাৎ সাগর-রুনির বাড়ির পাহারাদার হুমায়ুন ওরফে এনামুলকে গ্রেপ্তার করা হয় হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার দুই দিন আগে, ৯ ফেব্রুয়ারি।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এনামুলকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে গ্রেপ্তার খবর গণমাধ্যমে চলছিল এক সপ্তাহ আগে থেকেই।
গত বছর হত্যাকাণ্ডের পরপরই এনামুলকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়া হয় বলেও জানানো হয়।
গত বছরের এপ্রিলে তদন্তের দায়িত্ব নেয়ার পর সন্দেহভাজন ১৬ জনের ডিএনএন নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠায় র্যাব। সাগর-রুনির একমাত্র সন্তান মেঘের নমুনাও পাঠানো হয় যুক্তরাষ্ট্রে।
র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, “এ পর্যন্ত র্যাব যেসব ডিএনএ নমুনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছে, কারো সঙ্গে (আলামত) তার মিল পাওয়া যায়নি।”
এ পর্যন্ত নয়জনের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে বলে র্যাবের এক কর্মকর্তা জানান।
আইন-শৃঙ্খলা বাহিনী এক বছরেও হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন সাংবাদিক মেহেরুন রুনির ভাই নওশের রোমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অর্জন ‘শূন্য’।
র্যাব যে আটজনকে গ্রেপ্তার করেছে এই গ্রেপ্তারকে অগ্রগতি হিসেবে দেখছেন কি না- জানতে চাইলে নওশের বলেন, “পজিটিভলি দেখার কোনো কারণ নেই। এগুলো অ্যাচিভমেন্ট নয়।”
এদিকে এনামুলকে গ্রেপ্তারের পর সাগরের মা একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ‘জজ মিয়া নাটকে’র আশঙ্কা প্রকাশ করেন।
সাংবাদিক দম্পতি খুনের ঘটনায় ২১ অগাস্ট গ্রেনেড হামলার তদন্তের মতো ‘জজ মিয়া নাটক’ সরকার সাজাবে না বলে গত অক্টোবরেই ঘোষণা দিয়েছিলেন মহীউদ্দীন আলমগীর।
সাগর-রুনি হত্যার তদন্ত কবে নাগাদ শেষ হচ্ছে- এমন প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান।
তিনি বলেন, “র্যাব এই স্পর্শকাতর মামলায় স্বাভাবিক তদন্ত ছাড়াও প্রযুক্তিনির্ভর তদন্ত করছে। তদন্ত তাড়াতাড়ি হয়ে যাবে এমন কিছু আশা করা যায় না।”
‘প্রযুক্তিনির্ভর’ তদন্তে ‘গুরুত্বপূর্ণ’ তথ্য পাওয়া গেছে দাবি করলেও কী তথ্য পাওয়া গেছে সে বিষয়ে কিছু বলেননি র্যাব মহাপরিচালক।
এই হত্যাকাণ্ডের তদন্তে এই পর্যন্ত ১২৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
