২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়দেবপুরে ট্রেনে পাওয়া লাশটি মুক্তিযোদ্ধার

তুরাগ ট্রেনে শনিবার সকালে পাওয়া লাশটি মুক্তিযোদ্ধা রফিজ উদ্দিনের (৬৫) বলে সনাক্ত করেছেন তার স্বজনরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 04:04 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

রফিজ উদ্দিনের বাড়ি গাজীপুর সদরের যোগীতলা এলাকায়। তিনি গাজীপুর সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।

রফিজ উদ্দিনের শ্যালক সাংবাদিক নাজিম উদ্দিন সরকার জানান, সিলেট মাজারে যাওয়ার উদ্দেশে তিনি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হন। শনিবার তার বাসায় ফেরার কথা ছিল।

শুক্রবার রাত পর্যন্ত পরিবারের লোকজনের সঙ্গে তার মুঠোফোনে যোগাযোগ হয়।

শনিবার সকালে তার মেয়ে রোজি বাবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে কেউ রিসিভ না করেনি। বিষয়টি তিনি স্বজনদের জানান এবং খোঁজ খবর নিতে শুরু করেন।

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তারা লাশটি সনাক্ত করেন স্বজনরা।

রোববার দুপুর আড়াইটায় গাজীপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শাহীনুর ইসলামের উপস্থিতিতে যোগীতলা এলাকায় রাষ্ট্রীয় মর্য়াদায় তার দাফন সম্পন্ন হয়।

রফিজ উদ্দিনের সঙ্গে থাকা ব্যাগ, মুঠোফোন সেট, নগদ টাকা ও মুক্তিযোদ্ধা পরিচয়পত্রসহ কাগজপত্র খোয়া গেছে বলে জানিয়েছেন নাজিম উদ্দিন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. জিয়া উদ্দিন সরদার জানান, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তুরাগের শেষ বগির সিটের নিচে ওই লাশটি পড়ে থাকতে রেলওয়ে গার্ড মো. ওবায়দুর।

ঢাকার জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রফিজ উদ্দিনের স্ত্রী, দুই ছেলে এবং তিন মেয়ে রয়েছে।