পদ্মায় ব্যয় হবে ভারতের অনুদান: মুহিত
পদ্মা সেতু প্রকল্পে ভারতের কাছ থেকে পাওয়া অনুদানের ২০ কোটি ডলার ব্যয় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ভারতের পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাইয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, “পদ্মা সেতু প্রকল্প যদি নিজস্ব অর্থে বাস্তবায়ন করা হয়, সেক্ষেত্রে আমাদের কাছে ভারতের কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া এই ২০ কোটি ডলার রয়েছে, তা ব্যবহার করা হবে।”
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে রঞ্জন মাথাই জানান, বাংলাদেশ ওই ঋণের অর্থ তাদের ইচ্ছে অনুযায়ী যেকোনো কাজে ব্যয় করতে পারে।
অবশ্য পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানান তিনি।
২০১০ সালের অগাস্টে একশ’ কোটি ডলারের ঋণচুক্তি করে ভারত ও বাংলাদেশ। এই একশ’ কোটি ডলার ঋণের মধ্যে অনুদান হিসেবে দেয়া হয় ২০ কোটি ডলার। প্রথমে এই ঋণের সুদ এক দশমিক ৭৫ শতাংশ ধরা হলেও ২০১২ সালে তা কমিয়ে এক শতাংশে আনা হয়।
অর্থমন্ত্রী জানান, ঋণের প্রথম কিস্তির পাঁচ কোটি ডলার খুব কম সময়ের মধ্যেই পাওয়া যাবে। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও ওই ঋণ নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান মুহিত।
পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এ বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেয়া হবে। এক্ষেত্রে চীন, মালয়শিয়া ও ভারতের কাছ থেকে ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব করা হয়নি।
“তবে আমি বৈঠকে তাদের বলেছি, তারা যদি এই প্রকল্পে অর্থায়ন করতে চায় সেক্ষেত্রে প্রস্তাব দিতে পারে।”
সম্ভাব্য অর্থদাতা হিসেবে তিনটি দেশের কথা উল্লেখ করলেও কবে নাগাত চূড়ান্ত করা হবে তা জানাননি মন্ত্রী।
মুহিত বলেন, “আমাদের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আমরা যদি নিজস্ব অর্থে প্রকল্প শুরু করি, সেক্ষেত্রে কারো কাছ থেকে সাহায্য নেব না। তবে অনুদানের এই ২০ কোটি ডলার ব্যবহার করা হবে।”
মন্ত্রী জানান, পদ্মা সেতু প্রকল্পের কাজ যেখানে থেমে আছে, সেখান থেকেই শুরু করা হবে।
২৯১ কোটি ডলারের পদ্মা প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা ছিল। কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন আটকে দেয়ার পর জটিলতার মুখে গত বৃহস্পতিবার সরকার সংস্থাটিকে জানিয়ে দেয়, তাদের অর্থ নেয়া হবে না।
এরপর সহযোগী ঋণদাতা সংস্থা এডিবি, জাইকা ও আইডিবিও আইনি কাঠামোর কারণে সরে যাওয়ার কথা জানায়।
