আমিরাতে দুর্ঘটনা: ৭ জনের লাশ এসেছে
সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ২০ বাংলাদেশির মধ্যে সাত জনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার সকাল ১০ টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কল্যাণ) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থিতি স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
সোমবার সকালে আমিরাতের আবুধাবির আল আইন শহরে বালিভর্তি ট্রাক ও শ্রমিকদের বহনকারী বাসের সংঘর্ষে ২০ বাংলাদেশিসহ ২২ জন নিহত হন।
আমিরাতে এই বাসটি দুর্ঘটনায় পড়লে নিহত হন অন্তত ১৬ বাংলাদেশি।
বিমানবন্দরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাশ পরিবহন ও দাফনের জন্য প্রত্যেক নিহতের পরিবারকে ৩৫ হাজার টাকার চেক দেয়া হয়।
আনোয়ার উপজেলার খানসামা গ্রামের শাহ আলমের ছেলে বোরহানউদ্দিন, ফটিকছড়ি উপজেলার রোসাংগিরি গ্রামের নজির মিয়ার ছেলে সিরাজুল ইসলাম মজুমদার, ধর্মপুর গ্রামের আলী হোসেনের ছেলে মো. হাশেম, উত্তর পাইন্দং গ্রামের আবদুল গণির ছেলে মো. আরিফ, দক্ষিণ পাইন্দং গ্রামের আবদুল মোতালেবের ছেলে মো. আলাউদ্দিন এবং রাউজানের উত্তর সত্তা গ্রামের ইদ্রিস মিয়ার দুই ছেলে খোরশেদুল আলম ও মাসুদ রানা।
চট্টগ্রাম জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘নিহত অপরজন ফটিকছড়ির মধ্যম কাঞ্চননগর গ্রামের আমিনুল হকের ছেলে নুরুল আলমের লাশ মঙ্গলবার দেশে আনা হবে।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কল্যাণ) মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত সাংবাদিকদের বলেন, নিহতের পরিবার উত্তরাধিকার সনদ জমা দিলে সরকারের পক্ষ থেকে দুই লাখ টাকা করে তাদের দেয়া হবে।
