কৃষিও বীমার আওতায় আসবে: প্রধানমন্ত্রী
দেশের কৃষকদের ঋণের চক্র থেকে বের করে আনতে কৃষিখাতকেও বীমার আওতায় নিয়ে আসার আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“কৃষিকে বীমার আওতায় আনতে পারলে প্রাকৃতিক দুর্যোগজনিত চাপ কমে যাবে। এদেশের কৃষক-সমাজ ঋণের চক্র থেকে বের হয়ে আসবেন। আমরা বিষয়টি নিয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে কাজ করতে চাই।”
সরকার প্রাথমিকভাবে এ বিষয়ে কাজ করবে। তবে পরে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
‘এগ্রিকালচার অ্যান্ড মাইক্রো ইন্সুরেন্স’ শীর্ষক এই সেমিনারে উৎপাদন ও অর্থনীতিকে ঝুঁকিমুক্ত রাখতে বীমা কোম্পানিগুলোকে আরো কার্যকর ভূমিকা নেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।
একই সঙ্গে, মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টিতেও গুরুত্ব দেয়ার জন্য বীমা কোম্পানির মালিকদের অনুরোধ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেছেন, “বীমা শিল্পকে মানবিক কল্যাণে কাজে লাগাবেন - এটাই আমার প্রত্যাশা।”
তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এই সেমিনারে কৃষি ও ক্ষুদ্রবীমার অপার সম্ভাবনার বিষয়গুলো উঠে আসবে এবং আফ্রো-এশীয় বীমাখাতের উন্নয়নে ইতিবাচক সুপারিশমালা প্রণীত হবে।
সেমিনারে অংশগ্রহণকারীরা তৃতীয় বিশ্বের দরিদ্র মানুষের জন্য একটি সঠিক ও বাস্তবসম্মত মডেল প্রণয়ন করবেন বলেও আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী।
তিনি আশ্বাস দেন, কৃষি ও মাইক্রো ইন্স্যুরেন্স বিষয়ে দু’দিনের এই সেমিনারের সুপারিশমালা সরকারের কাছে পাঠালে তা বিবেচনা করা হবে।
শেখ হাসিনা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে কৃষি খাত। লাখ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়বে। সম্পত্তি নষ্ট হবে। দরিদ্র জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে সরকারের পক্ষ থেকে সাধারণ বীমা করপোরেশনের মাধ্যমে শস্যবীমা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশে এই প্রথম এশিয়া ও আফ্রিকা মহাদেশের প্রতিনিধিদের নিয়ে বীমা নিয়ে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আপনারা জানেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সময় ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।”
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বীমাশিল্পের গুরুত্ব বিবেচনা করে বর্তমান সরকারের এই খাতের আধুনিকায়ন এবং উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ১৯৩৮ সালের বীমা আইন যুগোপযোগী করার লক্ষ্যে বীমা আইন ২০১০ প্রণয়ন করা হয়েছে। কন্ট্রোলার অফ ইন্স্যুরেন্স অধিদপ্তর অবলুপ্ত করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ( আইডিআরএ) আইন ২০১০ সংসদে পাস করা হয়েছে।
“শুধু তাই নয়, আমরা একজন একচুয়ারিকে আইডিআরএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে বীমাশিল্পের উন্নয়নের পদক্ষেপ নিয়েছি।”
অর্থ ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে আইডিআরএ বীমা আইন ২০১০ এর আলোকে প্রয়োজনীয় বিধি এবং প্রবিধিমালা প্রণয়নের কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আইডিআরএ বীমা গ্রহণকারীদের জন্য নিরাপত্তা তহবিল সৃষ্টির লক্ষ্যে একটি প্রবিধি প্রণয়ন করতে যাচ্ছে। এই তহবিল থেকে প্রয়োজনে বীমা গ্রাহকের পাওনা দাবি পরিশোধ করা যাবে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠেনের সভাপতি শেখ কবির হোসেন।
অন্যদের মধ্যে অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ, ফেডারেশন অব অ্যাফ্রো এশিয়ান ইন্সুরার্স অ্যান্ড রিইন্সুরারস্ এর সেক্রেটারি জেনারেল হাম্মাম বদর অনুষ্ঠানে বক্তব্য দেন।
বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আহসানুল ইসলাম টিটু অনুষ্ঠানে আগতদের ধন্যবাদ জানান ।
