‘নীতি নির্ধারণে তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত প্রয়োজন’
দেশের উন্নয়নের ক্ষেত্রে নীতিনির্ধারকদের তুলনায় স্থানীয় জনগণের কার্যক্রম অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে অভিমত দিয়েছেন রাজনীতিক ও বিভিন্ন বেসরকারি সংগঠনের কর্মীরা।
আর উন্নয়নের ক্ষেত্রে জাতীয় নীতি প্রণয়নে তৃণমূল পর্যায়ের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জনগণের পাশে দাঁড়ানো জনপ্রতিনিধিদের দায়িত্ব বলেও মনে করেন তারা।
শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে দি এশিয়া ফাউন্ডেশনের জেলা পাবলিক পলিসি ফোরামের (ডিপিপিএফ) জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব অভিমত দেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, আইন প্রণয়ন যেমন সাংসদদের কাজ, তেমনি দৈনন্দিন নানা প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোটাও তাদের কাজ।
তিনি আরো বলেন, সরকার সব কাজ একা করতে পারে না, তবে বিভিন্ন কাজে তারা দিকনির্দেশনা দেয়। কিছু কাজ মানুষ ইচ্ছা করলেই করতে পারে না। সেসব কাজে সরকার দিকনির্দেশনা দিয়ে থাকে।
বিশেষ অতিথি বিএনপি’র সাংসদ মওদুদ আহমেদ বলেন, সংসদের সদস্য কোন দলের তা কোনো বিষয় নয়। বরং উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে যে জাতীয় নীতি প্রণয়ন করা হচ্ছে তা ঠিক হচ্ছে কি না, এতে জনগণের ইচ্ছার প্রতিফলন হচ্ছে কি না তা দেখা তার দায়িত্ব। আর নীতিগুলো পরবর্তীতে ঠিকমতো বাস্তবায়িত হচ্ছে কি না তা নজরে রাখার দায়িত্ব সংসদের।
তিনি আরো বলেন, যারা শহরে বসে নীতি নির্ধারণ করে থাকেন তাদের চেয়ে অনেক বেশি মূল্যবান স্থানীয় জনগণের জ্ঞান। কিন্তু নীতি নির্ধারণ ও সিদ্ধান্তগ্রহণের জায়গায় তাদের অংশগ্রহণের সুযোগ খুব কম।
মওদুদ উল্লেখ করেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের অংশগ্রহণের ব্যবস্থাও খুবই সীমিত। এসব ক্ষেত্রে জনপ্রতিনিধি ও জনগণের অংশগ্রহণ বাড়ানোর ব্যবস্থা করতে হবে এবং জবাবদিহিতা আরো বাড়াতে হবে।
অনুষ্ঠানে ডিপিপিএফ’র কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন ডিপিপিএফ’র প্রমোটিং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন অ্যান্ড প্র্যাকটিসেস (প্রদিপ) প্রকল্পের পরিচালক শীলা তাসনিম হক। সভাপতিত্ব করেন এ প্রকল্পের প্রধান রাসেল পেপে।
প্রদিপ প্রকল্পের আওতায় বিভিন্ন জেলায় ডিপিপিএফ কার্যক্রমের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
