ব্যাংকের টাকা আত্মসাত, সাবেক ব্যবস্থাপক গ্রেপ্তার
কোটি টাকা আত্মসাত এবং প্রতারণার মামলায় সোনালী ব্যাংক সাভার শাখার সাবেক এক ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ও শুক্রবার সাভার থানায় এ মামলা দুটি করা হয়।
বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার স্বরণিকা মহল্লার বাড়ি থেকে আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সোনালী ব্যাংক সাভার শাখার ব্যবস্থাপক জহরলাল সূত্রধর বাদী হয়ে এক কোটি বত্রিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আক্কাস আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এছাড়া, প্রতারণার অভিযোগে আক্কাস আলী ও তার স্ত্রী কামরুন্নাহারের বিরুদ্ধে শুক্রবার সকালে আরেকটি মামলা করেন রাজধানীর লালবাগ থানার নিমতলী এলাকার কামরুজ্জামান।
মামলার বরাত দিয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আক্কাস আলী সোনালী ব্যাংক সাভার শাখার ব্যবস্থাপক থাকাকালে ২০০৫ সালের ১১ অগাস্ট থেকে ২০০৮ সালের ৮ মে পর্যন্ত বিভিন্ন শাখায় ৪৩টি ভুয়া টিটি’র মাধ্যমে এক কোটি ৩২ লাখ সত্তর হাজার টাকা আত্মসাত করেছেন।
ব্যাংকের তদন্তে এর প্রমাণ পাওয়া গেছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, মেসার্স বেপারী এন্টারপ্রাইজ, মেসার্স নর্থ সাউথ ব্রিকস, মেসার্স ভাই বোন স্টোর, ওয়াহিদুল ইসলাম, মেসার্স খান অপটিক্স, মেসার্স মিতু এন্টারপ্রাইজ, মেসার্স জহির জেনারেল স্টোর, মেসার্স একতা ব্রিকস ও মেসার্স নবী এন্টারপ্রাইজের নামে ভুয়া টিটিগুলো করা হয়েছিল।
এদিকে কামরুজ্জামানের মামলায় বলা হয়, সাভার টাট্টি মৌজায় সাড়ে ৫ শতাংশ জমি বিক্রির জন্য ৬৮ লাখ টাকা নিয়েও আক্কাস আলী ও তার স্ত্রী কামরুন্নাহার রেজিস্ট্রি দেননি।
উল্টো কারুজ্জামানকে হত্যার হুমকি দিচ্ছেন।
