দেশে প্রথম নারী প্যারাট্রুপার জান্নাত
বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপারের গৌরব অর্জন করেছেন ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।
বৃহস্পতিবার সিলেট সেনানিবাস সংলগ্ন পানিছড়া ড্রপ জোনে এক হাজার মিটার উচ্চতা থেকে প্যারাস্যুট নিয়ে নিরাপদে মাটিতে নেমে আসেন তিনি।
ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস ২০০৯ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীতে ৫৯ বিএমএ লংকোর্সে কমিশন লাভ করেন।
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে তিনি কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
চলতি বছরের ১৩ জানুয়ারি সিলেটে অবস্থিত জালালাবাদ স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স-এ বিশেষ যুদ্ধ শাখার অধীনে পরিচালিত ব্যাসিক প্যারা কোর্সে অংশ নিয়ে প্যারাট্রুপারের বা ছত্রীসেনার দক্ষতা অর্জন করেন এই কম্পিউটার প্রশিক্ষক।
জালালাবাদ স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের বিশেষ যুদ্ধ শাখার প্রধান প্রশিক্ষক লে. কর্নেল একেএম সাইফুল ইসলাম বলেন, ৯০ এর দশক থেকে প্যারাস্যুট প্রশিক্ষণ কোর্সটি চালু হয়েছে। তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় কোন নারী সদস্য এতদিন আগ্রহ প্রকাশ করেননি।
তিনি বলেন, ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌসই প্রথম স্বপ্রণোদিত হয়ে এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন।
