২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমাম হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড বহাল, খালাস ২

রমনা থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইসহাক (৫০) হত্যা মামলার দুই আসামিকে খালাস দিয়েছে হাই কোর্ট। এছাড়া তিন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 11:55 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

মৃত্যুদণ্ডদেশ কার্যকরের অনুমতি ও জেল আপিলের শুনানি করে বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং মো. ইমদাদুল হক আজাদের বেঞ্চ এই রায় দেয়।

এই মামলার পাঁচ আসামির মধ্যে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আবদুর রহিম সরদার ও যাবজ্জীবন পাওয়া মো. নাজিম উদ্দিনকে খালাস দিয়েছে হাই কোর্ট। একইসঙ্গে মো. কাজী বায়েজিদ (৪২), মুরাদ হোসেন (৪৫) ও ইকরাম ওরফে মাসুদের মৃত্যুদণ্ড বহাল রাখলো উচ্চ আদালত। এদের মধ্যে মুরাদ ও ইকরাম পলাতক রয়েছেন। বাকিরা কারাগারে রয়েছেন।

আদালতে আসামি আবদুর রহিম সরদারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, বায়েজিদের পক্ষে মো. খুরশীদ আলম খান, নাজিম উদ্দিনের পক্ষে শুনানি করেন আব্দুল আজিজ।

রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম এবং সহকারি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুর রহমান চৌধুরী টিকু শুনানি করেন। এই দুই সরকারি আইন কর্মকর্তা রায়ের বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।

২০১০ সালের ২৯ ডিসেম্বর রাতে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় একটি বাসার চার তলা থেকে শেকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মাওলানা ইসহাকের লাশ উদ্ধার করা হয়। পরদিন রমনা থানায় হত্যা মামলা করেন নিহত ইসহাকের ছোট ভাই মো. শোয়াইব।
মামলার অভিযোগে বলা হয়, ইসহাকের আত্মীয় ইলিয়াস মোল্লা চট্টগ্রামে তার লবণের কারখানা অন্য এক আত্মীয় আবদুর রহিমের কাছে বিক্রি করেন। মূল্য পরিশোধ সত্ত্বেও ইলিয়াস কারখানা রেজিস্ট্রেশন করে না দিলে এতে আপোষের চেষ্টা করেন ইসহাক। তিনি নিজেও রহিমের কাছ থেকে টাকা পেতেন। মধ্যস্থতা ও পাওনা নিয়ে গণ্ডগোলের জের ধরে মাওলানা ইসহাককে অপহরণের পর খুন করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. শহিদুল্লাহ ২০১১ সালের ৯ এপ্রিল পাঁচ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
মামলার তদন্ত চলাকালে আসামি বায়েজিদ ঘটনার সঙ্গে নিজের ও অন্য আসামিদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন ২০১২ সালের ২১ ডিসেম্বর আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে তিনি চার আসামির মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন দেন।