প্রধানমন্ত্রী ‘ফেইসবুকে নেই’
ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ‘অফিসিয়াল অ্যাকাউন্ট’ বা ‘পেইজ’ নেই বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।
মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট বা পেইজ নেই।”
বিষয়টি নিয়ে ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুকে ‘শেখ হাসিনা’ নামে বেশ কিছু অ্যাকাউন্ট ও পেইজ রয়েছে যার প্রতিটিতেই তার বেশ কিছু ছবি ব্যবহার করা হয়েছে।
এর মধ্যে ‘Sheikh Hasina’ নামে একটি ‘পেইজ’ থেকে বৃহস্পতিবার বাংলায় লেখা একটি পোস্ট দেয়া হয়, যাতে বলা হয়, “নির্বাচনী ওয়াদা অনুযায়ী আমাদের সরকার চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে কিন্তু তাদের ফাঁসী দেবার ব্যাপারে কোন নিশ্চয়তা আমাদের সরকার দেয়নি।”
“এই ট্রাইব্যুনালের রায়ে অসন্তোষ দেখিয়ে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাহলে কি আইনের শাসনের প্রতি সম্মান দেখানো হবে? এবং এই বিশৃঙ্খলার সুযোগে যদি কোন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী মাথা চাড়া দেয় তা কারো জন্যেই ভালো হবে না। তাই আটক চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের রায় না হওয়া পর্যন্ত সকলকে ধৈর্য্য ধরার আহবান করছি...।”
২০০৭ সালের ২৫ ডিসেম্বর শেখ হাসিনার নামে খোলা পেইজ এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৪১৯ জন ‘লাইক’ করেছেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত মঙ্গলবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
কিন্তু তার সর্বোচ্চ সাজা না হওয়ায় রায় প্রত্যাখ্যান করে ওই দিন রাতেই কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ-সমাবেশের ডাক দেয় ব্লগার অ্যান্ড অনলাইন অ্যক্টিভিস্ট ফোরাম নামের একটি সংগঠন। তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ।
তখন থেকেই সেখানে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন করছে ছাত্র-জনতা।
