২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই ইউনিয়নের তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 10:42 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

বুধবার রাত ১টা থেকে ২টার মধ্যে দুপ্তারা ইউনিয়নের কুমারপাড়া গ্রামের দুটি বাড়িতে এবং খানপাড়া গ্রামের ১টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এসময় ডাকাতরা ১ জনকে কুপিয়ে আহত করে এবং ৬ লক্ষ টাকার মালামাল লুট করে।

পুলিশ ঘটনাস্থলে গেছে জানিয়ে আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ মামলা করেনি।

কুমারপাড়া গ্রামের স্কুল শিক্ষক কামাল হোসেন জানিয়েছেন, বুধবার রাত ১ টার দিকে তার বাড়িতে একদল ডাকাত হানা দেয় এবং তাদের জিম্মি করে ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা, ৩টি মোবাইল সেট ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

পরের ডাকাতিটি হয় রাত দেড়টার দিকে, একই গ্রামের উকিল উদ্দিনের বিদেশ ফেরত ছেলে মামুনের বাসায়। সশস্ত্র ডাকাতরা সদর দরজার তালা কেটে তার বাড়ির লোকজনদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ১টি ল্যাপটপ, ১ভরি স্বর্ণালঙ্কার, ২টি মোবাইলসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। 

অন্যদিকে খানপাড়া গ্রামে রাত ২ টার দিকে রাসেলের বাড়িতে হামলা দেয় আরেক দল ডাকাত। তারা রাসেলকে কুপিয়ে আহত করে এবং নগদ ৪৫ হাজার টাকা লুট করে।