‘তাহলে আমাদের ফাঁসি হোক’
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় চেয়ে কর্মসূচি পালন করেছে চুয়েট শিক্ষার্থীরা।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের এই নেতাকে যাবজ্জীবন সাজা দিয়ে ট্রাইব্যুনালের রায়ের একদিন পর বুধবার চুয়েট ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফাঁসিকাষ্ঠ তৈরি করে তাতে এক শিক্ষার্থী প্রতীকীভাবে ফাঁসির রশি গলায় পরেন।
তার হাতে পোস্টারে লেখা ছিল- “যদি কাদের মোল্লার ফাঁসি না-ই হয়, তবে আসুন ফাঁসির দড়ি আমরা নিজেদের গলায় জড়াই।”
এর আগে জামায়াতের এই নেতার ফাঁসির রায় দাবিতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় মানবন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনের পর সমাবেশে চুয়েটের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি দলকে বর্জনের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
